শুরুটা হয়েছিল স্বাগতিক তাজিকিস্তানকে গোলশূন্য রুখে দিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের শেষটাও হলো দুর্দান্ত। বুধবার শেষ ম্যাচে লাল-সবুজের দল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। দুই গোল করেছেন মাহবুবুর রহমান সুফিল, একটি করে গোল বিশ্বনাথ ঘোষ ও রিয়াদুল হাসান রাফির।
চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দুশানবের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলা বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ১৩ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটে রাফি দ্বিগুণ করেন ব্যবধান।
বাকি দুই গোলই সুফিলের। মালদ্বীপের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জয় এনে দেওয়া এই ফরোয়ার্ড ৩৮ মিনিটে ৩-০ করেন স্কোরলাইন। আর বিরতির ঠিক আগে তার দ্বিতীয় গোলে নিশ্চিত হয়ে যায় জয়।
প্রথমার্ধে চার গোলে এগিয়ে থাকা বাংলাদেশ বিরতির পর অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি। আর কোনও গোলের দেখা পাননি সুফিল-জাফর ইকবালরা।
চার ম্যাচে দুই জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। দিনের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তাজিকিস্তান। তাজিকিস্তানের পয়েন্ট ১০, আর উজবেকিস্তানের ৯। গ্রুপে তৃতীয় হওয়ায় মূল পর্বে খেলার আশা শেষ বাংলাদেশের।
তবু তাজিকিস্তান সফরে অনেক প্রাপ্তি মাহবুব হোসেন রক্সির শিষ্যদের। স্বাগতিক দলকে রুখে দেওয়া আর শক্তিশালী উজবেকিস্তানের সঙ্গে দারুণ লড়াইয়ের সুখস্মৃতি আগামী দিনে তরুণ ফুটবলারদের নিশ্চয়ই অনুপ্রাণিত করবে।








