শেখ জামালের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২১:৩৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:৩৫

ক্যামেরার সামনে শেখ জামাল খেলোয়াড়দের গোল উদযাপন। ছবি-বাফুফে সকালে পদত্যাগপত্র ই-মেইল করে নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি জানিয়ে দিয়েছেন, তিনি আর দলের সঙ্গে নেই। বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাই কোচের বিদায়ের দুঃসংবাদ নিয়ে মাঠে নেমেছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে অবশ্য সমস্যা হয়নি তিনবারের চ্যাম্পিয়নদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডানকে।

এ মৌসুমে মোহামেডানের বিপক্ষে এটা শেখ জামালের ‘হ্যাটট্রিক’ জয়। ফেডারেশন কাপে ১-০ আর লিগের প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল ধানমন্ডির দলটি।

মৌসুমের তৃতীয় লড়াইয়ে ১৬ মিনিটে এগিয়ে যেতে পারতো শেখ জামাল। কিন্তু মোহামেডানের গোলরক্ষককে একা পেয়েও এলোমেলো শট নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। ২১ মিনিটে প্রথম সুযোগ পায় মোহামেডান। তবে নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর দুর্বল শট সোজা গোলরক্ষকের হাতে চলে গেলে হতাশ হতে হয় ঐতিহ্যবাহী দলকে।

এরপর শুরু শেখ জামালের আক্রমণের জোয়ার। তাদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মোহামেডানের ডিফেন্স। বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৯ মিনিটে প্রত্যাশিত গোলের দেখা পায় শেখ জামাল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়া মোহাম্মদ জাভেদ খানের জোরালো শট ঝাঁপিয়ে রুখে দিয়েছিলেন মোহামেডানের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন, কিন্তু গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের ফিরতি শট আটকানো যায়নি (১-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। ৪৯ মিনিটে জাহেদ পারভেজের কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেন রাফায়েল। চার মিনিট পর রাফায়েলের ক্রসেই জাহেদের হেড তৃতীয় গোল এনে দেয় বিজয়ী দলকে।

১২ ম্যাচে অষ্টম জয়ে ২৭ পয়েন্ট সংগ্রহ করা শেখ জামাল এখন লিগের দ্বিতীয় স্থানে। অন্যদিকে পঞ্চমবার হার মানা মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

দিনের পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিজেএমসি। ৪১ মিনিটে বিজেএমসি এগিয়ে যায় ডিফেন্ডার আল মামুনের গোলে। ৭৭ মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।

১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বিজেএমসি। সমান ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করা ব্রাদার্সের অবস্থান একাদশ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম