৬০ বছর পর বিশ্বকাপে না খেলার হতাশা নিয়ে আন্তর্জাতিক অবসর নিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। দুই সপ্তাহ আগের ঘটনা সেটা। অভিজ্ঞ এ গোলরক্ষকের মন গলেছে খানিকটা। ইতালিতে ফেরার দরজা খুলে দিলেন তিনি।
অবসরের এ ঘোষণাকে বিশ্রাম বললেন জুভেন্টাসের গোলরক্ষক। মিলানে সোমবার এক জমকালো অনুষ্ঠান শেষে বুফন বলেছেন, ‘আমি জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলাম। জুভেন্টাস ও জাতীয় দলের জন্য আমি সবসময় নিজেকে যোদ্ধা ভাবি। এমনকি আমার বয়স ৬০ হলেও কখনও তাদের ডাক প্রত্যাখ্যান করবো না, কারণ আমার হৃদয়ে সবসময় দেশ।’
রাশিয়াতে ইতালি না যেতে পারায় বরখাস্ত কোচ জিয়ান পিয়েরো ভেনতুরার কোনও দোষ দেখছেন না বুফন। ৩৯ বছর বয়সী গোলরক্ষক এনিয়ে বলেছেন, ‘ভেনতুরা তার সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সুইডেনের বিপক্ষে দুই ম্যাচে গোল করতে পারিনি।’ গোল ডটকম








