সান্টি রাইকার্ডের বয়স এখন ৮। ২০০৮ সালে যখন বার্সেলোনার কোচিং ছেড়ে দেন ফ্রাঙ্ক রাইকার্ড, তখনও জন্ম হয়নি তার। স্বভাবতই বাবার কোচিংয়ের সময় কাতালান ক্লাবটির খেলা দেখা হয়নি তার। তাই রাইকার্ডের কাছে প্রায়ই সে বায়না ধরতো বার্সেলোনার খেলা সরাসরি দেখার। ছেলের ইচ্ছা পূরণেই সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে ন্যু ক্যাম্পে হাজির বার্সেলোনার সাবেক এই কোচ। মাঠে বসে আরেকবার সাবেক ক্লাবের পারফরম্যান্স দেখে ‘প্রিয়’ শিষ্য লিওনেল মেসিকে ভাসালেন প্রশংসার জোয়ারে। যেখানে মেসিকে উল্লেখ করলেন তিনি ‘ঈশ্বর’ হিসেবে।
২০০৩ সালে ‘ভঙ্গুর’ এক বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন রাইকার্ড। নিজের কোচিং দক্ষতা দিয়ে সাবেক ডাচ তারকা বদলে দেন কাতালানদের। সোনালী অতীত ফিরিয়ে এনে বার্সেলোনাকে জেতান দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। শুধু তাই নয়, মেসির মূল দলে অভিষেক হয়েছিল তার আমলেই।
২০০৮ সালে ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়া রাইকার্ড হঠাৎ বার্সেলোনার ম্যাচ দেখতে আসার কারণ ব্যাখ্যায় বললেন, ‘এখন আমি সাংসারিক মানুষ। বার্সেলোনার আরেকটি ম্যাচ দেখতে পেরে আমি খুশি। আমার ছেলের বয়স এখন ৮ বছর। ওর স্বপ্ন ছিল ন্যু ক্যাম্পে একটা ম্যাচ সরাসরি দেখার।’
সেল্তার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। শুরুতে পিছিয়ে পড়া স্বাগতিকদের সমতায় ফিরিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল এই রাইকার্ডের হাত ধরেই। সাবেক এই শিষ্যের প্রশংসা ঝরল তার মুখে, ‘ও (মেসি) প্রত্যেকের কাছে ঈশ্বর। সঙ্গে প্রশংসা করতে হবে আন্দ্রেস ইনিয়েস্তারও। এখন পর্যন্ত (বার্সার) সব খেলোয়াড়ের ওপরই আমার নজর আছে, ওদের ভবিষ্যৎ খুব ভালো।’ মার্কা








