টানা চারটি জয়ের পর ড্র করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল তারা। বুধবার ফিরতি পর্বেও জিততে পারেনি শেখ জামাল, ড্র করেছে ১-১ গোলে।
জিততে পারলে লিগের শীর্ষে উঠে যেতো তিনবারের চ্যাম্পিয়নরা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করা চট্টগ্রাম আবাহনীর অবস্থান সবার ওপরে। ১৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে নবম স্থানে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় রহমতগঞ্জ। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে জোরালো শটে শেখ জামালের গোলরক্ষক মিতুল হাসানকে পরাস্ত করেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদা সিসে। অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান সঙ্গে থেকেও সিসেকে রুখতে পারেননি।
গোলের পর আক্রমণ-পাল্টা আক্রমণ রোমাঞ্চ ছড়ালেও শেখ জামাল সমতায় ফিরেছে ম্যাচের শেষ দিকে। ৮৭ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের দারুণ ফ্রিকিক মূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। ইনজুরি সময়ে বদলি মিডফিল্ডার রাকিব সরকারের হেড রহমতগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ রাজিব ধরে ফেললে হতাশ হতে হয় শেখ জামালকে।
কোচ মাহবুব হোসেন রক্সির অধীনে টানা দুই জয়ের পর এটাই শেখ জামালের প্রথম ড্র। পয়েন্ট হারিয়ে রক্সির প্রতিক্রিয়া, ‘আজ আমাদের একটা বাজে দিন গেছে। তারপরও আমি খুশি, দল এক পয়েন্ট পেয়েছে। সামনের ম্যাচে আরও ভালো খেলতে হবে।’
অন্যদিকে রেফারি ভুবন মোহন তরফদারকে নিয়ে প্রশ্ন তুলেছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। তিনি বলেছেন, ‘রেফারিং আরেকটু ভালো হওয়া উচিত ছিল। রেফারিং ভালো হলে আমরাই হয়তো জিততাম।’








