এই মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বির আগে রেফারি মাইকেল অলিভারকে একটু দেখেশুনে সিদ্ধান্ত নিতে বললেন ইউনাইটেড কোচ হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের সাবেক কোচের দাবি, ‘খুব সহজে ভারসাম্য হারানোর’ এক ধরনের প্রবণতা আছে ম্যানসিটির কয়েকজন খেলোয়াড়ের।
রবিবার রাত সাড়ে ১০টায় ওল্ড ট্রাফোর্ডে লিগ শিরোপার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানইউর মুখোমুখি হবে ম্যানসিটি। শীর্ষে থাকা সিটিজেনদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে মরিনহোর দল। এ ম্যাচের ফলাফলের ওপর অনেকখানি নির্ভর করছে এই মৌসুমের শিরোপার লড়াই।
ম্যানচেস্টার ডার্বিকে তাই আরও বেশি গুরুত্ব দিচ্ছেন মরিনহো। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানালেন তার আশঙ্কার কথা। গার্দিওলার দলের ‘ডাইভার’দের নিয়ে প্রশ্ন তোলা প্রথম কোচ মরিনহো নয়। এর আগে বার্নলি কোচ শন ডাইচ দাবি করেন, গত অক্টোবরে পেনাল্টি জয়ে বার্নার্ডো সিলভা প্রতারণা করেছিলেন। নভেম্বরে আর্সেনালের বিপক্ষে পেনাল্টি আদায়ে রহিম স্টারলিংয়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত ডাইভের অভিযোগ করেন আর্সেন ওয়েঙ্গার। আগের মৌসুমে মিডলসবোরোর বিপক্ষে পেনাল্টি নিতে অল্পতেই পড়ে গিয়ে সমালোচিত হয়েছেন লেরয় শেন। অবশ্য দুই সপ্তাহ আগে হাডার্সফিল্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইচ্ছা করে ডাইভিং করায় ফের্নান্দিনিয়োকে হলুদ কার্ড দেখান রেফারি ক্রেইগ পাউসন।
এবার ম্যানচেস্টার ডার্বির ম্যাচ চালাবেন অলিভার। একটু শঙ্কা যেন থাকছেই। কারণ ইউনাইটেডের বিরুদ্ধে আগের পাঁচ ম্যাচে রেফারিং করে তিনটি পেনাল্টি দিয়েছিলেন প্রতিপক্ষকে।
সিটিজেনদের এগিয়ে রেখে মরিনহো বলেছেন, ‘ম্যানসিটি ভালো একটা দল। তারা রক্ষণে ভালো, বল দখল হারালেও ঠিক ঘুরে দাঁড়ায়। আক্রমণেও তারা দুর্দান্ত। চমৎকার খেলোয়াড় ও কোচ তাদের আছে। অনেক ভালো দিক তাদের আছে।’
এরপরই নগরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে অপছন্দের কথা জানালেন ৫৪ বছর বয়সী কোচ, ‘যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাদের কোন দিকটা আমি একটুও পছন্দ করি না? সেটা হলো তারা সহজেই ভারসাম্য হারায়। একটু বাতাস হলেই পড়ে যায় তারা।’








