এল ক্লাসিকোর উত্তাপ টের পাওয়া গেলো আরও একবার। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলো বার্সেলোনা। লিওনেল মেসির নৈপুণ্যে চমৎকার জয় পেলো তারা। তবে শেষটায় আরও জাদু দেখালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রিয়ালের বিপক্ষে জয়ের তীব্র ক্ষুধা প্রকাশ পেলো তার পারফরম্যান্সে। ইনজুরি সময়ে শেষ গোল বানিয়ে দেওয়ার মুহূর্তে বুট ছিল না তার পায়ে!
৯৩ মিনিটে মাঠের সীমানাপ্রান্ত থেকে বল দখলে নিয়ে ডিবক্সের দিকে এগোতে থাকেন মেসি। মাঝপথে মার্সেলো বাধা দিলেও সেটা পেরিয়ে অ্যালেইক্স ভিদালকে দিয়ে বার্সার তৃতীয় গোল করান তিনি। ভিদালকে পাস দেওয়ার সময়ই দেখা যায় তার ডান পায়ে বুট নেই। যেটা স্পষ্ট বোঝা গেছে তার উদযাপনের সময়। তবে ঠিক কখন মেসির বুট খুলে গেলো, সেটা স্পষ্ট নয়। ভিদালকে তিনি পাস দিয়েছেন বাঁ পায়ে।
এর আগে লুই সুয়ারেসের গোলে এগিয়ে যায় বার্সা। দানি কারভাহাল লাল কার্ড দেখলে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি। শেষটিতেও রাখেন পরোক্ষ অবদান।








