বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শুরু থেকে দুর্বার গতিতে এগিয়ে চলা চট্টগ্রাম আবাহনী হঠাৎ লক্ষ্যভ্রষ্ট! আগের ম্যাচে হেরে যাওয়া তারকা সমৃদ্ধ দলটি এবার ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।
আবার পয়েন্ট নষ্ট করায় চট্টগ্রাম আবাহনীর শিরোপার আশাও ধাক্কা খেয়েছে। ১৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্টও ৪৩, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে ঢাকা আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান অষ্টম।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৭ মিনিটের সময় এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে মোহাম্মদ আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে গোল করেন স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ। লিগে এটা তার অষ্টম গোল।
বিরতির পর দুটো দারুণ সুযোগ নষ্ট করে ব্রাদার্স। ৫৬ মিনিটে জোসেফ নুরের ক্রসে গোল করতে ব্যর্থ হন ঘানার ফরোয়ার্ড থুয়াম ফ্রাঙ্ক। ৬৬ মিনিটে জোসেফের শট পোস্টে লেগে আবার হতাশ করে গোপীবাগের দলকে।
অবশেষে ৮৯ মিনিটে এক পয়েন্ট নিশ্চিত হয় ব্রাদার্সের। একটি পাল্টা আক্রমণ ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উডোকা। তার দুর্বল হেড থেকে বল পেয়ে যান সিও জুনাপিও, আর কঙ্গোর এই ফরোয়ার্ডের কোনাকুনি জোরালো শট চলে যায় জালে।








