২০১৭ সালটা স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখবেন হ্যারি কেইন। ‘বক্সিং ডে’ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করে গোলসংখ্যায় টপকে গেছেন তিনি লিওনেল মেসিকে। ২০১৭ সালে টটেনহামের এই স্ট্রাইকারের গোল সবচেয়ে বেশি।
বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের আগের ম্যাচে হ্যাটট্রিক পূরণ করেছিলেন কেইন। পেলেন সাউদাম্পটনের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও। তার দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে টটেনহামও পেয়েছে ৫-২ গোলের বড় জয়। দলের জয়ের সঙ্গে ব্যক্তিগত অর্জনের খাতাতেও যোগ করেছেন অন্যরকম প্রাপ্তি। টানা দ্বিতীয় হ্যাটট্রিক পাওয়ায় ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন তিনি। যেখানে টপকে গেছেন ইংলিশ তারকা মেসিকে।
‘এল ক্লাসিকো’তে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলে মেসির ২০১৭ সালের গোলসংখ্যা দাঁড়ায় ৫৪-তে। বার্সেলোনার হয়ে ৫০ গোলের সঙ্গে জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে তার গোল ৪টি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেও টটেনহামের কেইনের কাছে হার মানলেন তিনি। ইংলিশ স্ট্রাইকার বছর শেষ করলেন ৫৬ গোল নিয়ে। টটেনহামের জার্সিতে এসেছে ৪৯ গোল, আর ইংল্যান্ডের হয়ে করেছেন ৭ গোল।
এদিনসন কাভানি, রবার্ত লেভানদোস্কি ও ক্রিস্তিয়ানো রোনালদো- তিনজনই ৫৩ গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে। পিএসজির জার্সিতে ৫০ গোলের সঙ্গে কাভানি তিনবার লক্ষ্যভেদ করেছেন উরুগুয়ের হয়ে। লেভানদোস্কির ৪৪ গোল এসেছে বায়ার্ন মিউনিখের হয়ে, আর ৯ গোল করেছেন জাতীয় দল পোল্যান্ডের জার্সিতে। রোনালদো রিয়ালের হয়ে ৪২ গোল করার পাশাপাশি পর্তুগালের জার্সিতে লক্ষ্যভেদ করেছেন ১১বার।
কেইন শুধুমাত্র ২০১৭ সালের সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন না, ইংলিশ লিগেও গড়েছেন নতুন এক রেকর্ড। শেষ হতে যাওয়া বছরে লিগে তার গোল ৩৮টি, যাতে তিনি ভেঙেছেন অ্যালান শিয়েরারের এক বছরে ৩৬ গোলের রেকর্ড। মার্কা








