এক ম্যাচ ভালো খেললে পরের ম্যাচে উল্টো অভিজ্ঞতা! গোল সংখ্যার দিকে তাকালেই এটা পরিষ্কার। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিয়ে এ পর্যন্ত চারটি গোল করেছেন চার্লি শেরিংহ্যাম। বুধবার এই ইংলিশ স্ট্রাইকারের গোলে এগিয়েও জিততে পারেনি সাইফ স্পোর্টিং, ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে।
ম্যাচটি অমীমাংসিত থাকায় লিগের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে শেখ জামাল। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ঢাকা আবাহনী। চতুর্থ স্থান ধরে রাখা সাইফ স্পোর্টিংয়ের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ থেকেই গোল পেয়ে যায় সাইফ স্পোর্টিং। ডিফেন্ডার রহমত মিয়ার ক্রসে শেরিংহ্যামের হেড জড়িয়ে যায় জালে।
২৩ মিনিটে সমতা নিয়ে আসে শেখ জামাল। বক্সের কয়েক গজ বাইরে থেকে নেওয়া গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের দুর্দান্ত ফ্রি-কিকে কিছুই করতে পারেননি গোলরক্ষক পাপ্পু হোসেন। লিগে এটা সলোমনের ১৩তম গোল। একটি গোল বেশি নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে শেখ জামালেরই নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল।
দ্বিতীয়ার্ধে কোনও দলই তেমন সুযোগ পায়নি। বিরতির পর বলার মতো সুযোগ ছিল একটাই। তবে ৬৪ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড হেম্বার ভ্যালেন্সিয়ার ক্রস থেকে মিডফিল্ডার কবিরুল ইসলামের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে হতাশ করে সাইফ স্পোর্টিংকে।
বুধবারের দ্বিতীয় ম্যাচের ফলও একই, ফরাশগঞ্জ ১-১ গোলে ড্র করেছে আরামবাগের সঙ্গে। দুটি গোলই হয়েছে ম্যাচের শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলা ওলালেকানের পেনাল্টি গোলে এগিয়ে যায় আরামবাগ। শেষ বাঁশির ঠিক আগে বদলি মিডফিল্ডার জসিমউদ্দীন সুজনের প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া জোরালো শটে হার এড়ায় ফরাশগঞ্জ।
দুই দলেরই এটা ১৯তম ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে আরামবাগ নবম আর ১৪ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ আছে একাদশ স্থানে।








