নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে চেলসি। যদিও এডেন হ্যাজার্ড তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন বেলজিয়ান তারকার বাবা। রিয়াল মাদ্রিদে যাওয়ার পথ পরিষ্কার রাখতেই নাকি হ্যাজার্ডের এই সিদ্ধান্ত।
গত মৌসুমে চেলসির প্রিমিয়ার লিগ জেতার পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হ্যাজার্ড। চলতি মৌসুমের শুরুতে সময় খুব একটা ভালো না কাটলেও পরে ফিরেছেন নিজের ছন্দে। ২০১৭-১৮ মৌসুমেও সব মিলিয়ে বেলজিয়াম তারকার পারফরম্যান্সের ধারা সচল রেখেছেন। এমন খেলোয়াড়কে চেলসি ছাড়তে চাইবে কেন? তাই চুক্তি নবায়নের প্রস্তাব করেছিল তাকে। যদিও ২০২০ পর্যন্ত চুক্তি থাকা হ্যাজার্ড নবায়ন করতে রাজি হয়নি বলে জানিয়েছেন তার বাবা।
বেলজিয়াম সংবাদমাধ্যম ‘লে সোর’কে দেওয়া সাক্ষাৎকারে চেলসি তারকার বাবা থিয়েরি বলেছেন, ‘হ্যাজার্ড সম্পর্কে একটা বিষয় পরিষ্কার করতে যাচ্ছি, সেটা হলো সে (চেলসির) চুক্তি নবায়ন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’ রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা তার অনেক আগে থেকে। মাদ্রিদের ক্লাবটি তার সঙ্গে যোগাযোগ করলেও বিভিন্ন কারণে যাওয়া হয়নি। তবে সামনে প্রস্তাব এলে যাতে কোনও ঝামেলা না থাকে, সে কারণেই হ্যাজার্ড চুক্তি নবায়ন করতে রাজি হয়নি।
তার বাবার ভাষায় যা এমন, ‘এটার কারণ হলো, যদি দরকার হয়, ও যাতে রিয়ালের আগ্রহের বিষয়টি অনুসরণ করতে পারে। (রিয়ালে) নিজেকে খেলোয়াড় হিসেবে দেখতে পারে।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, ‘তবে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনও চুক্তি হয়নি।’ গোল ডটকম








