লিওনেল মেসিকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন জেরার্দ পিকে। বার্সেলোনার সাফল্যে আর্জেন্টাইন তারকাই ‘মুখ্য চরিত্র’ উল্লেখ করে স্প্যানিশ ডিফেন্ডার জানিয়েছেন, দলের বাকি খেলোয়াড়রা শুধু মেসির পথ অনুসরণ করেন।
সোমবার বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পিকে। নতুন চুক্তিতে এই ডিফেন্ডার ন্যু ক্যাম্পে থাকবেন ২০২২ সাল পর্যন্ত। চুক্তি নবায়নের দিনে সতীর্থ মেসিকে ভাসিয়েছেন তিনি প্রশংসার বানে। তিনি জানিয়েছেন, শিরোপা জেতার পথে বার্সেলোনা মেসিকে একটা লড়াকু দল দেয়, যারা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর নেতৃত্বে নিজেদের কাজটা করে থাকে।
এখন পর্যন্ত বার্সেলোনায় কাটানো ১৪ বছরে মেসি জিতেছেন ২৯ শিরোপা। চলতি মৌসুমে যোগ হতে পারে আরও। কারণ লা লিগায় কাতালানরা শীর্ষস্থান ধরে রেখেছে, একই সঙ্গে টিকে আছে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে লড়াইয়ে। পিকে জানিয়েছেন, বার্সেলোনার শিরোপা জেতার পথে মেসি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ‘বার্সেলোনার সেরা প্রজন্মের মুখ্য চরিত্র লিও। আমরা শুধু ওকে অনুসরণ করি।’
শিরোপা জেতা নিয়ে পিকের বক্তব্য, ‘আমাদের এইসব শিরোপা জেতার পথে যদি কেউ সবচেয়ে বেশি গুরুত্বপূণ হয়, তাহলে সেটা লিও। আমরা ওকে সাহায্য করার চেষ্টা করি, কারণ শিরোপা জিততে ওর দরকার লড়াকু একটি দল।’
এরনেস্তো ভালভালদের দল এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে ১১ পয়েন্টে, আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৯। দলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মেসিও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩২ ম্যাচে তার গোল ২৭। গোল ডটকম








