অ্যাতলেতিকো মাদ্রিদ ও চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে বার্সেলোনা পাচ্ছে না তাদের রাইট ব্যাক নেলসন সেমেদোকে। পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।
গত সপ্তাহে নিষেধাজ্ঞায় স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ছিলেন না ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার। শনিবার জিরোনার বিপক্ষে লা লিগায় ফিরেছিলেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট পান ম্যাচের শেষ সময়ে।
এই মৌসুমে বেনফিকা থেকে বার্সায় যোগ দেওয়া পর্তুগিজ ডিফেন্ডার মাঠের বাইরে চলে যাওয়ায় শেষ ৫ মিনিট ১০ জন নিয়ে খেলেছে দল।
আগামী ৪ মার্চ লা লিগায় অ্যাতলেতিকোকে স্বাগত জানাবে বার্সা ন্যু ক্যাম্পে। দুই নম্বরে থাকা মাদ্রিদের ক্লাবের বিপক্ষে ওই ম্যাচেই খানিকটা নিশ্চিত হয়ে যাবে শিরোপার লড়াই। এই ম্যাচে দেখা যাবে না সেমেদোকে।
১৪ মার্চ চেলসির বিপক্ষে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগেও খেলতে পারবেন না তিনি। তাছাড়া লাস পালমাস ও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে লা লিগায় তাকে পাবে না বার্সা।
সেমেদোর ফেরার সম্ভাবনা আছে ৩১ মার্চ সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে। ইএসপিএনএফসি








