এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ায় লা লিগার শিরোপার পথ থেকে আরও দূরে সরে গেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ১৪ পয়েন্টে এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের এখনও ভয় পাচ্ছেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।
ইনজুরি টাইমের গোলে এস্পানিওলের মাঠে ধাক্কা খেয়েছে রিয়াল। গত কিছুদিন মাদ্রিদের ক্লাবটি স্বরূপে দেখা দিলেও আবার ছন্দপতন তাদের। তবে যে জায়গা থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে, সেই অবস্থার কথা বিবেচনা করে রিয়ালকে ‘বাতিলের খাতায়’ ফেলছেন না বার্তোমেউ। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে থাকলেও বার্সা প্রধান সতর্ক, ‘(রিয়াল) এবারের মৌসুম ধীরগতিতে শুরু করলেও গত কিছুদিন খুব ভালো করছে। তারা সবসময়ই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী।’
লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সবচেয়ে কাছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদের এই ক্লাবটির সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। চলতি লিগে তারাও রয়েছে দারুণ ছন্দে। তাই এখনই শিরোপা নিয়ে কোনও সিদ্ধান্তে যাচ্ছেন না বার্তোমেউ, ‘অ্যাতলেতিকো মাদ্রিদ আমাদের খুব কাছাকাছি জায়গায় রয়েছে। তাই আমার মতে আমরা অনেক ভালো কাজ শেষ করলেও এখনও অনেক ম্যাচ বাকি আছে।’ মার্কা








