সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সহায়তার পাশাপাশি খেলাধুলার দিকেও মনোযোগ দিয়েছে আইনসেবা ও মানবাধিকার সংগঠন ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট)। তেজগাঁও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন্দ্রীয় খেলার মাঠে ৪ মার্চ শুরু হবে সখি নারী ফুটবল প্রতিযোগিতা।
সখী ঢাকা শহরের ১৫টি বস্তির মেয়েদের ‘স্বাস্থ্য, অধিকার ও ইচ্ছাপূরণ’ শীর্ষক একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় ঢাকা শহরের বিভিন্ন সুবিধাবঞ্চিত মেয়েদের নিয়ে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে ফুটবল প্রতিযোগিতা। এতে অংশ নিচ্ছে ছয়টি দল- দুর্বার মোহাম্মদপুর, তেজস্বিনী মহাখালী, অনির্বাণ মিরপুর, অরুণোদয় মহাখালী, অনিরুদ্ধ মহাখালী ও দুরন্ত মহাখালী। ম্যাচ হবে ৬০ মিনিটের, নকআউট ভিত্তিতে খেলার পর ৮ মার্চ ফাইনাল হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।
বাফুফের সহযোগিতায় আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফুটবল খেললে সঠিক নিয়মে খেলা উচিত। তাই ফেডারেশনের পক্ষ থেকে এদের সব রকমের সাহায্য করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।’
প্রথমবারের মতো ফুটবল খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত অরুণোদয় মহাখালীর অধিনায়ক সুমি, ‘আমাদের বস্তিতে ছেলেরাই বেশি খেলার সুযোগ পেয়ে থাকে। আমাদের তেমন সুযোগ নেই বললেই চলে। আমি ঘরে বসে সারাক্ষণ ভাবতাম যদি ছেলেদের মতো করে খেলার সুযোগ পেতাম। সখি প্রজেক্ট থেকে আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আমরা অনেক খুশি।’








