বড় এক লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলকে। ঘরের মাঠের বিশ্বকাপে জর্মানির বিপক্ষে হারতে হয়েছিল ৭-১ গোলে। ২০১৪ আসরের ওই সেমিফাইনালে পর আজ রাতেই (মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটা) প্রথমবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জার্মানি।
বার্নিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাই জ্বলছে প্রতিশোধের আগুন। ব্রাজিল ক্যাম্প থেকে প্রতিশোধের বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। আর জার্মানরা বলেছে, বেলো হরিজেোন্তের ম্যাচের পরই তারা ভুলে গেছে ৭-১ গোলের জয়ের স্মৃতি। যতই মিনেইরোর ম্যাচটি আড়াল করার চেষ্টা করুক না কেন দুই দল, বিশ্বকাপের ম্যাচটি না চাইলেও সামনে চলে আসবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হওয়া খেলাটিতে। ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘সনি টেন টু’ চ্যানেলে।
২০১৮ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে সবার আগে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। ঘরের মাঠে টুর্নামেন্টের ব্যর্থতা ভুলে নতুনভাবে জেগে উঠেছে তারা। রাশিয়ার আসরে ফেভারিটও মানা হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে জার্মানি সবসময়ই দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়নরা দাপট দেখিয়েই নিশ্চিত করেছে রাশিয়ার টুর্নামেন্ট। এখন চলছে মূল আসরে নামার প্রস্তুতি।
সেই প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বকাপের আগে জার্মানরা মুখোমুখি হচ্ছে ব্রাজিলের, গত বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলের জয়ের পর প্রথমবার। ফুটবল বিশ্ব বার্লিনের ম্যাচটিকে ব্রাজিলের জন্য ‘প্রতিশোধের মঞ্চ’ ও জার্মান ‘ভূত’ তাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে। সেলেসাও কোচ তিতে প্রতিশোধের কিছু না দেখলেও জার্মান ‘ভূতের’ বিষয়টি স্বীকার করেছেন। তার মতে, যত দ্রুত ‘ভূত’ তাড়ানো যায়, ততই মঙ্গল।
২০১৪ বিশ্বকাপে জার্মানির কোচের দায়িত্বে ছিলেন ইওয়াখিম ল্যোভ। এবারও তার অধীনে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে জার্মানরা। বিশ্বকাপের আগে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে তিনি চার বছর আগের সেমিফাইনাল সামনে আনতে দিতেই রাজি নন। তার বক্তব্য, ‘সেমিফাইনালের পরই ভুলে গেছি আমরা।’
ওই ব্রাজিলের চেয়ে এই ব্রাজিল যে অনেক বেশি শক্তিশালী, সেটা স্বীকার করেছেন জার্মান মিডফিল্ডার টোনি ক্রোস। চোটের কারণে নেইমার না থাকলেও রাশিয়ার বিপক্ষে আগের ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে সেলেসাওরা। দলের সেরা অস্ত্রকে ছাড়াই বিশ্বকাপের আয়োজকদের হারিয়ে এসেছে ৩-০ গোলে। আগের ম্যাচে জার্মানি মাঠে নেমেছিল স্পেনের বিপক্ষে। ১-১ গোলের ড্রতে শেষ হয় তাদের লড়াই।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি জার্মানি ও ব্রাজিল দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। নিজেদের ঝালিয়ে নেওয়ার সঙ্গে ব্রাজিল নিশ্চিতভাবেই তাড়াতে চাইবে জার্মান ‘ভূত’। গোল ডটকম








