মেয়েদের ফুটবলে এ বছর ব্যস্ত সময় কাটাতে হবে বাংলাদেশকে, অংশ নেবে সাতটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এর মধ্যে প্রথমটি জকি ক্লাব আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট। হংকংয়ে অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ রাতে ঢাকা ছাড়ছে লাল-সবুজের দল।
জকি ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, ইরান ও স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। আঁখি-মারিয়া-তহুরাদের টানা তিন দিন মাঠে নামতে হবে। ৩০ মার্চ প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া, ৩১ মার্চ ইরান ও ১ এপ্রিল হংকংয়ের সঙ্গে লড়াই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে শিরোপা।
গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। হংকংয়েও সাফল্য পেতে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন তিনি, ‘জানুয়ারি থেকে মেয়েরা কঠোর অনুশীলন করছে। হংকংয়ের টুর্নামেন্টের জন্য তারা ভালো প্রস্তুতি নিয়েছে। আমাদের তিন প্রতিপক্ষই শক্তিশালী, তবে আমরাও কম নই। সাফে যেভাবে খেলে চ্যাম্পিয়ন হয়েছি হংকংয়েও সেভাবে খেলে শিরোপা জিততে চাই।’
অধিনায়ক মারিয়া মান্ডার কণ্ঠে কোচের কথারই প্রতিধ্বনি, ‘ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হবে। আমরা কঠোর অনুশীলন করেছি, সিনিয়রদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভুল-ত্রুটি সংশোধন হয়েছে। সাফের মতো হংকংয়েও আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
সহ-অধিনায়ক আঁখি খাতুনের কথা, ‘আমরা ভালো ফলের জন্য যাচ্ছি। সাফের মতো হংকংয়ে ভালো খেলার চেষ্টা করবো আমরা।’








