এগিয়ে গিয়েও চেলসি হেরে গেলো। স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যাম হটস্পার ২৮ বছর পর দেখা পেলো জয়ের। ৩-১ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের হারালো তারা। এই জয়ে লিগের শীর্ষ চারে থেকে আগামী বছরের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হলো স্পারদের। রবিবার আরেক ম্যাচে আর্সেনাল জিতেছে স্টোক সিটির বিপক্ষে।
স্ট্যামফোর্ড ব্রিজে ৩০ মিনিটের গোলে এগিয়ে যায় চেলসি। আলভারো মোরাতার গোলে লিড নেওয়া দলটি বিরতির ঠিক আগে একটি গোল খেয়ে বসে। ক্রিস্টিয়ান এরিকসেনের লম্বা শটে সমতা ফেরায় অতিথিরা। বিরতির পর ৬২ মিনিটে ডেলে আলী চমৎকারভাবে এরিক ডায়ারের লম্বা ক্রস থেকে এগিয়ে নেন টটেনহ্যামকে। চার মিনিট বাদে নিজের দ্বিতীয় গোল করেন আলী।
এই জয়ে ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম। আর চেলসি (৫৬) চার নম্বর স্থান থেকে ৮ পয়েন্ট দূরে। তাদের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেলো, সঙ্গে কোচ আন্তোনিও কন্তের ভবিষ্যৎও।
গত জানুয়ারিতে দলবদলের শেষ দিন ক্লাব রেকর্ড ৫৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে এসেছিলেন পিয়েরে এমেরিক অবেমেয়াং। তাকে কিনে যে ভুল করেনি গানাররা, সেটা প্রমাণ করলেন ইতিহাস গড়ে। মাত্র ৬টি প্রিমিয়ার লিগ খেলেই ক্লাব রেকর্ড গড়লেন গ্যাবনের এই স্ট্রাইকার।
স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুইবার লক্ষ্যভেদ করেছেন অবেমেয়াং। এটি ছিল গানারদের জার্সিতে তার পঞ্চম গোল। এতেই প্রথম ৬ ম্যাচে আর্সেনালের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পান ২৮ বছর বয়সী স্ট্রাইকার।
এমিরেটস স্টেডিয়ামের এই ম্যাচে প্রথমার্ধ গোলের দেখা পায়নি কেউই। ৭৫ মিনিটে গোলমুখ খোলেন অবেমেয়াং। পেনাল্টি থেকে দ্বিতীয়টি করেন খেলা শেষ হওয়ার চার মিনিট আগে। প্রথম হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন এই গ্যাবন তারকা। কিন্তু ৮৯ মিনিটে পেনাল্টি থেকে ল্যাকাজেত্তেকে দিয়ে তৃতীয় গোল করান অবেমেয়াং।
এই জয়ে ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আর্সেনাল। গোল ডটকম








