গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দুটি ফাইনাল খেলেও শিরোপা হাতে নিতে পারেনি জুভেন্টাস। ২০১৫ সালে বার্সেলোনা, আর গত বছর রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ২০১৭ সালের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবারের কোয়ার্টার ফাইনালে। রিয়ালের কাছে ৪-১ গোলে হারের বেদনা ভোলার সুযোগ ইতালিয়ান জায়ান্টদের সামনে। কিন্তু প্রতিশোধের নেশায় মত্ত হয়ে মাঠে নামতে চায় না জুভেন্টাস।
ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি বললেন, জুভেন্টাস প্রতিশোধ নিতে রিয়ালের মুখোমুখি হবে না। কিন্তু তার মানে এই নয় যে, তারা বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে পারবে না।
মঙ্গলবারের শেষ আটের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির পাশে বসে কিয়েল্লিনি জানালেন, ‘প্রতিশোধ নয়, প্রত্যেকের বিপক্ষে আমাদের ভালো ও খারাপ স্মৃতি আছে। চ্যাম্পিয়নস লিগের ব্যাপারটাই এমন যে, আপনাকে বড় ক্লাবগুলোর বিপক্ষে খেলতে হবে। কার্ডিফ ছাড়া আমাদের ভালো স্মৃতিও আছে। সেরাটা খেলতে পারাই সবসময় দারুণ একটা অনুপ্রেরণা।’
প্রতিপক্ষকে সমীহ করাই দলের জন্য ভালো মনে করছেন ইতালির এই ডিফেন্ডার, ‘শ্রদ্ধা আছে প্রতিপক্ষের জন্য। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের হারাতে পারি না। প্রত্যেকের জন্য শ্রদ্ধা আছে। যখন আপনি প্রতিপক্ষকে সত্যিই সমীহ করবেন তখন তাদের হারানো সহজ হবে।’
গত বছরের ফাইনালের সঙ্গে এই ম্যাচের পার্থক্য খুঁজে পাচ্ছেন কিয়েল্লিনি, ‘ওই ফাইনালের সঙ্গে পার্থক্য? অবশ্যই আছে। আমরা দুটি ম্যাচ খেলব, একটা নয়। আর আমাদের খেলোয়াড়রাও বদলে গেছে।’
অতীতের ম্যাচগুলো থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান কিয়েল্লিনি, ‘ক্রিস্তিয়ানো রোনালদো সবসময় প্রত্যেকের বিপক্ষে গোল করবে। রিয়াল মানেই শুধু সে নয়, কিন্তু গত কয়েক বছরে সে উন্নতি করেছে এবং পার্থক্য তৈরি করে ম্যাচে।’ ইএসপিএনএফসি








