৯ বছর পর প্রথম চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে খেলল লিভারপুল। ‘অল-ইংল্যান্ড’ লড়াইয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়েও দিলো তারা। ২০০৮ সালের পর প্রথম সেমিফাইনালের সুবাস এখন তারা পেলেও দলকে মাটিতে পা রাখতে বলছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।
কোচের কথাকে গুরুত্ব দিয়ে এই জয়ের পর আনন্দে আত্মহারা হয়নি সালাহ-ফিরমিনোরা। ক্লপ জানালেন, ‘এই জয় উদযাপনে ড্রেসিংরুমে কেউ নাচগান করেনি।’ ৩-০ গোলের এই জয়কে ‘বিরতির সময়’ মনে করছেন জার্মান কোচ। পেপ গার্দিওলার দলের এখনও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে মনে করেন তিনি।
এগিয়ে থেকে আগামী সপ্তাহে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচ নিয়ে সতর্ক ক্লপ, ‘এই কাজে আমি দীর্ঘদিন ধরে আছি। আমাদের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থাকায় সিটির সম্ভাবনা কম, হয়তো এটা আমাদের জন্য সুবিধার। কিন্তু সবকিছু চূড়ান্ত হয়নি। এটা ১-০-এর চেয়ে ভালো, ৩-১ কিংবা ৩-২-এর চেয়েও ভালো। কিন্তু লড়াইয়ের কেবল অর্ধেক শেষ। এই ফলাফলের পর ড্রেসিংরুমের কেউ আনন্দে আত্মহারা হয়নি। এই লড়াইটা ১৯০ মিনিট বা তারচেয়েও বেশি সময়ের লড়াই।’
আগামী শনিবার মার্সিসাইড ডার্বিতে এভারটনের মাঠ গুডিসন পার্কে খেলবে লিভারপুল। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে এই লিগ-সূচিতে বিরক্ত ক্লপ, ‘আমি মনে করি না আমরা পরের ধাপে চলে গেছি। আমাদের আরও কাজ করতে হবে। পরের লেগের আগে আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে, এ বিষয়টি এড়াতে পারি না আমি। এখানকার চেয়ে অনেক বেশি খুশি গুডিসনের লোকজন। কারণ, সেখানে আমাদের খেলতে হবে এবং এরপর আবারও লড়তে হবে। এটাই আমাদের জীবন, কিছু করার নেই।’
এই জয়ে লিভারপুল আত্মবিশ্বাসের চূড়ায় থাকতে পারে। এই লিগ মৌসুমের এক নম্বর ও সর্বোচ্চ গোল করা দলটিকে বুধবার রাতে লক্ষ্যে একটিও শট নিতে দেয়নি তারা। গোল ডটকম







