টানা দুই ম্যাচে জোড়া গোল। ভারতের মহিলা ফুটবল লিগে চলছে সাবিনা খাতুনের জাদু। তার গোলে সেথু এফসি একের পর এক জয় পাচ্ছে। কিন্তু তারপরেও সাবিনার ভাগ্যে এখন পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কার জোটেনি! তাতে কী? ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক।
পাঁচ ম্যাচে ৬ গোল করে সাবিনা ভারতের মহিলা লিগে আলোড়ন তুলেছেন। তার নজরকাড়া পারফরম্যান্সের কারণে সতীর্থ কৃষ্ণা রানী সরকারকে তো বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে। আরেক খেলোয়াড় ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ তানভি হ্যান্সেরও একই অবস্থা। সেথু এফসি সাবিনার পারফরম্যান্সে বেশ খুশি। যে কারণে প্রত্যেক ম্যাচে তাকে দলে নেওয়া, সেটা সার্থক।
তবে সাবিনা পরপর দুই ম্যাচে জোড়া গোল করে টুর্নামেন্টের আয়োজক কমিটির দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে কিছু করতে পারেননি। তারপর থেকে প্রতিটি ম্যাচে গোল পাচ্ছেন। দলও জিতেই চলেছে। তারপরও ম্যাচসেরার পুরস্কার পাচ্ছেন অন্য জন। শুক্রবার তো পুরস্কারটা পেলেন হেরে যাওয়া দল ইন্দিরা গান্ধী একাডেমির এক খেলোয়াড়।
যদিও সাবিনার এতে কোনও আক্ষেপ নেই। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হয়তো আমি ভালো খেলতে পারছি না। যে কারণে আমাকে সেরা খেলোয়াড় মনে করছে না তারা। এতে অবশ্য আমার কোনও পরিতাপ নেই। দল জিতেই চলেছে, এটাই বড় পাওয়া।’
ইন্দিরার বিপক্ষে হ্যাটট্রিক না পেয়েও সেই আগের কথাই বললেন, ‘আমি মাঠে নেমেছি দলের হয়ে খেলতে। দল জিতেছে খুশি লাগছে। আর হ্যাটট্রিক না পেলে তো কিছু করার নেই। গোল পাচ্ছি। এটাও তো কম কিছু না।’
সামনে লিগের একটি ম্যাচ বাকি। তারপর খেলতে হবে সেমিফাইনাল। আপাতত এই দুই ম্যাচ নিয়ে চিন্তা সাবিনার, ‘সামনে আমাদের আরও ভালো খেলতে হবে। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব।’







