ভারতীয় মহিলা ফুটবল লিগে টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে অবদান রেখেছেন সাবিনা খাতুন। তবে আজ গোল করতে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। মেঘালয়ের শিলংয়ে সাবিনা গোল পাননি, তার দল সেথু এফসিও জিততে পারেনি। ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে।
লিগ পর্বের শেষ ম্যাচে ড্র করলেও সেমিফাইনালে উঠতে সমস্যা হয়নি সেথু এফসির। আগামী ১২ এপ্রিল শেষ চারের লড়াইয়ে ইস্টার্ন স্পোর্টিংয়েরই মুখোমুখি হবে তারা।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে সাবিনার দল। তবে ৯ মিনিট পর অধিনায়ক ইন্দুমতির গোলে সমতা নিয়ে আসে সেথু এফসি। এরপর অনেক চেষ্টা করেও কোনও দল আর গোল করতে পারেনি।
৫ ম্যাচে ৬ গোল নিয়ে সাবিনা এখন লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। আজ একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। সেজন্য ভীষণ হতাশ এই স্ট্রাইকার, ‘আমার দুর্ভাগ্য, আজ গোল পেলাম না। দু/তিনটি সুযোগ এসেছিল, কিন্তু আমার ফিনিশিং ভালো হয়নি, দলও জিততে পারেনি।’








