নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের গোল স্বপ্ন দেখাচ্ছিল ঢাকা আবাহনীকে। কিন্তু ভারতের আইজল এফসিকে হারাতে পারেনি বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের লড়াইয়ের ফল ১-১।
‘ই’ গ্রুপে তিন ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ চার পয়েন্ট। সমান ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট আইজলের।
গত ১১ এপ্রিল আইজলকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। তবে বুধবার আকাশি-হলুদ জার্সিধারীরা তেমন ভালো খেলতে পারেনি।
১৬ মিনিটে এগিয়ে যেতে পারতো আইজল। কর্নার থেকে উড়ে আসা বল গোলকিপার শহীদুল আলম সোহেল ঠিকমতো গ্রিপে নিতে পারেননি। বল তার হাত ফস্কে সামনে থাকা আলফ্রেডের পায়ে গিয়ে পড়ে। আইজলের লাইবেরিয়ান মিডফিল্ডারের শট দারুণ দক্ষতায় ক্লিয়ার করে আবাহনীকে রক্ষা করেন ডিফেন্ডার ওয়ালি ফয়সাল।
পাঁচ মিনিট পর হতাশ হয়েছে আবাহনী। আরেক নাইজেরিয়ান সানডে চিজোবার চমৎকার ফ্রিকিক আইজলের গোলকিপার অভিলাষ পালের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে মাঠে। ২৩ মিনিটে আবার হতাশা, বক্সের ভেতরে বল পেলেও ইমন বাবু ঠিকমতো শট নিতে পারেনি।
৩০ মিনিটে গোলের দেখা পায় লিগ চ্যাম্পিয়নরা। এমেকাকে বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় আবাহনী। এমেকারই বাঁ দিক দিয়ে নেওয়া গড়ানো শট ঠেকাতে পারেননি আইজলের গোলকিপার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবাহনী কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লে চেপে ধরে অতিথিরা। ৬৫ মিনিটে সমতাও নিয়ে আসে আইজল। আইভরি কোস্টের জিকালি লিওন্স দোদজের ক্রস থেকে প্লেসিং শটে গোল করেন রুমানিয়ান মিডফিল্ডার আন্দ্রেই আইনেসকুর। কিছুক্ষণ পর প্রতিপক্ষের ফরোয়ার্ড লালখাপুইমাউইর শট রুখে দেন গোলকিপার সোহেল।
ইনজুরি সময়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েও উল্লাসে মেতে উঠতে পারেনি আবাহনী। বল পোস্টে যাওয়ার আগে সানডে ফাউল করলে গোল বাতিল করে দেন রেফারি। শেষ মুহূর্তে আবার হতাশা। নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসনের হেড ক্রসবারে বাধা পেলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে।








