লা লিগা শিরোপা জয়ে বার্সেলোনাকে থামানো একেবারেই কঠিন রিয়াল মাদ্রিদের জন্য। তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এখন পুরো মনোযোগ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে। এজন্য শনিবার লেগানেসের বিপক্ষে স্প্যানিশ লিগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে।
বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্ট পেছনে থেকে লেগানেসের বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচের ফলাফল তাদের কোনও কাজেই আসবে না, দেপোর্তিভো লা করুনার সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বার্সা।
তবে মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে আটকাতে পারলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবে রিয়াল। ২-১ এ এগিয়ে থেকে বার্নাব্যুতে জার্মানদের স্বাগত জানাবে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ১৬তম দল লেগানেসের বিপক্ষে রোনালদোকে রাখেননি জিনেদিন জিদান।
সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেও বিশ্রামে। মিউনিখে প্রথম লেগে ইনজুরিতে পড়ায় লেগানেসের বিপক্ষে নেই ডিফেন্ডার দানি কারভাহাল ও মিডফিল্ডার ইস্কো। পেশীর সমস্যা নিয়ে এখনও মাঠের বাইরে নাচো।
মার্সেলো, লুকা মদরিচ, কাসেমিরো ও টনি ক্রুস সবাই দলে আছেন। কিন্তু একাদশে তাদের নিয়ে অনিশ্চয়তা আছে। অবশ্য গ্যারেথ বেল ও করিম বেনজিমা থাকবেন আক্রমণে।
আমূলে বদলে ফেলা হবে রক্ষণে। যেখানে থাকবেন আশরাফ হাকিমি, থিও হার্নান্দেস ও জিসাস ভায়েহো। গোল ডটকম








