৫ ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটি স্পর্শ করল আরেকটি মাইলফলক। লন্ডনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে রবিবার গোলের ‘সেঞ্চুরি’ করল পেপ গার্দিওলার শিষ্যরা। যুদ্ধোত্তর সময়ে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের রেকর্ড গড়ল ম্যানসিটি, তাদের লেগেছে ৩৫ ম্যাচ।
পিএফএ’র বর্ষসেরা তরুণ খেলোয়াড় লেরয় শেন ১৩ মিনিটে এগিয়ে দেন সিটিজেনদের। তার শট প্যাট্রিক এভরার গায়ে লেগে জড়ায় জালে। লিগের এই মৌসুমে শততম গোলটি আসে ২৭ মিনিটে, সাবেক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে। কেভিন ডি ব্রুইনের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে সাবেক ক্লাবকে দ্বিতীয় গোল উপহার দেন পাবলো জাবালেতা।
১০০ লিগ গোলের মাইলফলকে পৌঁছে থেমে থামেনি গার্দিওলার দল। ৪২ মিনিটে এক গোল হজম করলেও বিরতির পর দুই ব্রাজিলিয়ানের লক্ষ্যভেদী শটে নিশ্চিত হয় বড় জয়। ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস ১২তম লিগ গোল করেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে ৬৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন ফের্নান্দিনিয়ো।
লিগ মৌসুম শেষ হতে আরও তিন ম্যাচ বাকি ১০২ গোল করা ম্যানসিটির। প্রিমিয়ার লিগের এক মৌসুমে চেলসির (২০০৯-১০) গড়া সর্বোচ্চ ১০৩ গোলের রেকর্ড ভাঙার হাতছানি তাদের সামনে। এজন্য করতে হবে আর মাত্র দুটি গোল।
৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট এক নম্বর ম্যানসিটির। শেষ তিন ম্যাচ থেকে আর ৭ পয়েন্ট পেলে হয়ে যাবে আরেকটি সেঞ্চুরি। গোল ডটকম








