গোটা বার্সেলোনা যেন নেমে এসেছিল রাস্তায়! ডাবল জয়ের উৎসব থেকে কি দূরে থাকা যায়? প্রিয় দলের প্রিয় খেলোয়াড়দের সঙ্গে কাতালানরা ভাগ করে নিয়েছেন আনন্দ। আর ছাদখোলা বাস থেকে বার্সেলোনা খেলোয়াড়রা হাত নেড়ে দিয়েছেন তাদের ভালোবাসার জবাব।
কোপা দেল রে শিরোপা ঘরে তুলেছে আগেই, আর রবিবার রাতে দেপোর্তিভো লা করুণার মাঠ থেকে ৪-২ গোলের জয়ে নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার লিগ শিরোপা। ডাবল জয়ের উৎসব শুরু হয়ে গিয়েছিল তাই দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের পর থেকেই। লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তারা উৎসব করেছেন ড্রেসিং রুমে, আর ভক্ত-সমর্থকরা বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। উৎসব হয়েছে, তবে আলাদাভাবে। সোমবার তাই খেলোয়াড়-ভক্ত এক মোহনায় মিলে গেল বার্সেলোনায় রাস্তায়।
যেখানে খেলোয়াড়রা লিগ ও কাপে শিরোপা নিয়ে রাস্তায় নামলেন ছাদখোলা বাসে, আর তাদের অভিনন্দন জানাতে রাস্তার দু্ই পাশে জড়ো হলেন হাজার হাজার সমর্থক। তাদের চিৎকার, ছবি তোলা ও নাচে-গানে বার্সেলোনার সিটি সেন্টার রূপ নিয়েছিল উৎসবের দেশে।
এবার ৩০তম কোপা দেল রে ও ২৫তম লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা। সব মিলিয়ে অষ্টম ঘরোয়া ডাবল জয়ের কৃতিত্ব গড়েছে কাতালানরা নতুন কোচ এরনেস্তো ভালভারদের অধীনে। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই ডাবল জয়ের উৎসবের সব প্রস্তুতি সারা বার্সেলোনার।
সবার জন্যই এই উৎসব বিশেষ, তবে ইনিয়েস্তার জন্য একটু অন্যরকমই। বার্সেলোনার হয়ে এটাই শেষ শিরোপা উদযাপন তার। মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দেওয়া এই মিডফিল্ডারকে নিয়েই বেশি আয়োজন ছিল সমর্থকদের। ছোট ছোট প্ল্যাকার্ড-ব্যানারে প্রিয় তারকার জন্য শুভেচ্ছা ও ভালোবাসার বাণী লিখে নিয়ে এসেছিলেন তারা। ভক্তদের চিৎকারের মাঝে বেশি শোনা গেছে তাই ‘আন্দ্রেস ইনিয়েস্তা’ নামটাই।
রাস্তায় দাঁড়ানো সমর্থকরা তো আছেনই, ছবি তোলায় ব্যস্ত ছিলেন এমনকি খেলোয়াড়রাও। সবচেয়ে বেশি ছবি তুলেছেন সম্ভবত মিডফিল্ডার দেনিস সুয়ারেস। কম যাননি সের্হি রবের্তো-পাকো আলকেসাররাও। উৎসবের এই দিনটি সবচেয়ে রঙিন ছিল সম্ভবত মার্ক আন্ড্রে-টের স্টেগেনের জন্য। জার্মান গোলরক্ষকের ২৬তম জন্মদিনেই শিরোপা উদযাপন করেছে বার্সেলোনা।
সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায় সমুন্দ্রের বুকে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে শুরু হওয়া এই উৎসব চলেছে দুই ঘণ্টারও বেশি সময়। যা শেষ হয় প্লাকা ইগনাসি বারাকুয়েরে, ন্যু ক্যাম্প থেকে সামান্য দূরে। এফসিবার্সেলোনা ওয়েবসাইট








