পাঁচ ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। রবিবার ছিল সেই শিরোপা হাতে পাওয়ার দিন। হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি হওয়ার আগে ইতিহাদ স্টেডিয়ামে তাই ছিল উৎসবমুখর পরিবেশ। কিন্তু তাদের উৎসব হলো খানিকটা অস্বস্তি নিয়ে। কারণ হাডার্সফিল্ড গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে সিটিজেনদের। তাতে কী! শিরোপা হাতে নেওয়ার পর উচ্ছ্বাসের কমতি ছিল না খেলোয়াড়দের মধ্যে।
অবনমন শঙ্কায় থাকা হাডার্সফিল্ড আগামী মৌসুমে টিকে থাকার লড়াইয়ে আবার ঘুরে দাঁড়াল এই একটি পয়েন্টে। অন্যদিকে এক মৌসুমে সর্বোচ্চ জয়, সবচেয়ে বেশি গোল ও সর্বাধিক পয়েন্টের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে ইতিহাদে নামা সিটিজেনরা খেল হোঁচট। মাত্র একটি জয়, দুটি গোল ও ২ পয়েন্ট হলেই রেকর্ড গড়বে তারা।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে গত ম্যাচে গোলের সেঞ্চুরি করা পেপ গার্দিওলার দলকে ১০০ পয়েন্ট অর্জন করতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে। ৩৬ ম্যাচে ৯৪ পয়েন্ট তাদের। ব্রাইটন অ্যালবিওন ও সাউদাম্পটনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়নরা।
দাভিদ সিলভা কঠিন পরীক্ষা নিয়েছিলেন হাডার্সফিল্ড গোলরক্ষক জোনাস লোসলের। কেভিন ডি ব্রুইনের জোরালো শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। অতিথিরা বসে থাকেনি। জেতার জন্য খেলেছে তারা। যার প্রমাণ মিলেছে অ্যারন মুই ও ফ্লোরেন্ত হ্যাডারগোনাজের চেষ্টায়। সিটি গোলরক্ষক এডারসনের পরীক্ষা নেন অ্যালেক্স প্রিচার্ড। ক্রিস লোর শট পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যর্থ হয় হাডার্সফিল্ড।
প্রথম ৪৫ মিনিট এমনই কয়েকটি সুযোগ তৈরি করেছিল অতিথিরা। অন্যদিকে লক্ষ্যে ম্যানসিটির শট ছিল মাত্র দুটি। দ্বিতীয়ার্ধে লক্ষ্যে কোনও শট নিতে পারেনি গার্দিওলার শিষ্যরা। বরং শেষ দিকে হাডার্সফিল্ড তিন পয়েন্ট নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। স্কট মালোনের শট এডারসন না ঠেকালে শিরোপা উৎসবটা আরও তেতো হতে পারত ম্যানসিটির জন্য। গোল ডটকম, ইএসপিএনএফসি








