বায়ার্ন মিউনিখে চুক্তির মেয়াদ এই মৌসুমে শেষ হতো ফ্রাঙ্ক রিবেরির। তারপর মেজর সকার লিগ বা চায়না সুপার লিগে যাওয়ার কথা গত মার্চে বলেছিলেন তিনি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আরও এক বছরের জন্য তাকে রেখে দিলো বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
ক্লাব এক ঘোষণায় জানায়, ২০১৯ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে থাকতে নতুন চুক্তিপত্রে সই করেছেন রিবেরি। অবশ্য বায়ার্ন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার ঘণ্টাখানেক আগেই ইনস্টাগ্রামে চুক্তির খবর প্রকাশ করেন ফরাসি তারকা। কিছুক্ষণ পর সেটা মুছেও ফেলেন তিনি।
২০০৭ সালে মার্শেই থেকে যোগ দেওয়া রিবেরি এবার ১২তম মৌসুম খেলবেন বায়ার্নের জার্সিতে। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড তার টুইটারে জানান, ‘২০১৯ সাল পর্যন্ত থাকতে এফসি বায়ার্নে এইমাত্র চুক্তিপত্রে সই করলাম। বিশ্বের সেরা ক্লাবে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় তৈরি করতে আরও কঠোর পরিশ্রম করব।’ একই সঙ্গে আরেকটি ভিডিওতে তার বক্তব্য দেখা গেছে, ‘চুক্তি হয়ে গেছে। আরও এক বছর!’
২০১৩ সালে ইউরোপের সেরা খেলোয়াড় এই মৌসুমেও সুবিধা করতে পারেননি। সব ধরনের প্রতিযোগিতায় ৩২ ম্যাচে ৬টি গোল করেছেন, অ্যাসিস্টও ৬টি। গোল ডটকম








