স্বাধীন বাংলাদেশ থেকে প্রথমবার চারজন রেফারি ফিফার হয়েছিলেন ১৯৭৪ সালে। তাদেরই একজন মুনীর হোসেন বৃহস্পতিবার সকালে চলে গেলেন না ফেরার দেশে। ফিফার প্রথম বাংলাদেশি রেফারির বাকি তিনজন- ননী বসাক, মহিউদ্দীন আহমেদ চৌধুরী ও নূর হোসেন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
দীর্ঘদিন ধরে প্রস্রাবের জটিলতায় ভুগছিলেন মুনীর। বেশ কয়েক দিন হাসপাতালে ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে আর ফেরা হলো না বাসায়।
৮৪ বছর বয়সী এই সাবেক রেফারি সংশ্লিষ্ট ছিলেন কাবাডি ফেডারেশনের সঙ্গেও। পর্যায়ক্রমে ২৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ফুটবলে ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক অনেক ম্যাচে বাঁশি বাজিয়েছেন মুনীর। কাবাডিতেও ছিল তার দৃপ্ত পদচারণা। সেখানেও বাঁশি বাজানোর রেকর্ড আছে। এছাড়া আছে এশিয়ান কাবাডির বিভিন্ন পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা।
বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুনীর ভাই অনেক ভালো রেফারি ছিলেন। ছিলেন সংগঠকও। সেসময় ঢাকার ঘরোয়া ফুটবলে তিনি শক্ত হাতে রেফারিং করেছিলেন। দুই সাবেক তারকা নান্নু ও মঞ্জুকে যেভাবে সামলাতেন, সেটা ছিল দেখার মতো।’
বৃহস্পতিবার বাদ আসর জানাযা শেষে গোপীবাগের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মুনীরকে।








