গত কয়েক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক ভাবা হচ্ছে দাভিদ দে গেয়াকে। কিন্তু ম্যানইউ গোলরক্ষক এতদিন পাননি কোনও স্বীকৃতি। সেটা মিলে গেল বৃহস্পতিবার। এই দিন ওয়েস্ট হ্যামকে গোল করতে না দিয়ে প্রথমবার তিনি নিশ্চিত করলেন ইংলিশ ফুটবলের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভ।
সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার কীর্তিতে গোলরক্ষক পান এই পুরস্কার। ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যানইউর গোলশূন্য ড্রয়ে নিশ্চিত হয় দে গেয়ার ১৮তম ‘ক্লিন শিট’। এই ক্যাটাগরিতে তিনিই সবার উপরে থাকছেন।
ম্যানচেস্টার সিটির এডারসন এখন দুই নম্বরে। ব্রাইটনের বিপক্ষে আগের দিনের ম্যাচে ৩-১ গোলের জয়ে একাদশের বাইরে ছিলেন তিনি। তার ‘ক্লিন শিট’ ১৬ ম্যাচে। আরও এক ম্যাচ হাতে আছে তার দলের, কিন্তু ওই ম্যাচে গোল না খেলেও পারবেন না দে গেয়াকে ধরতে।
২০০৪-০৫ মৌসুমে প্রথমবার এই পুরস্কার চালু হয়। ৬ জন ভিন্ন গোলরক্ষক এটি অর্জন করেছেন। জো হার্ট ম্যানসিটির হয়ে এবং পিওতর চেখ চেলসি ও আর্সেনালের জার্সিতে চারবার করে এই পুরস্কার নিয়ে সবার উপরে। লিভারপুলের সাবেক গোলরক্ষক পেপে রেইনার হাতে এটি উঠেছে তিনবার।
থাইবত কোর্তোয়া, উজচেইখ শেসনি ও এডউইন ফন ডার সার একবার করে ঘরে নিয়ে গেছেন এ পুরস্কার। ফন ডার সার ২০০৯ সালে গোল্ডেন গ্লোভ জয়ী হওয়ার পর প্রথমবার কোনও ম্যানইউ গোলরক্ষক এটি পেলেন। আর ২০০৮ সালে রেইনার পর প্রথম কোনও স্প্যানিশের হাতে উঠল এটি। গোল ডটকম








