অসাধারণ একটা মৌসুম কাটালেন মোহাম্মদ সালাহ। যে কারণে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে। কিন্তু এতে খুশি নন মিশরীয় ফরোয়ার্ড।
মেসি-রোনালদোর কাতারে যেতে হলে লম্বা সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে মনে করেন সালাহ। লা লিগার দুই আইকনের সঙ্গে তুলনায় অস্বস্তি লাগে কিনা প্রশ্নে ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের সেরা খেলোয়াড় বলেছেন, ‘না, খুব একটা নয়। কিন্তু আমি বলছি না যে তাদের সঙ্গে তুলনা করায় আমি খুশি। কারণ তাদের দুজনই ১০ বা ১১ বছর ধরে শীর্ষ পর্যায়ে খেলছেন। তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা একই রকম রয়েছে।’
লিগে এবার গোল্ডেন বুট জয়ী সালাহ আশাবাদী, ‘আরও কয়েক বছর ধরে ফর্মের সেরা পর্যায়ে থেকে পারফর্ম করতে হবে। আমি আশাবাদী সেটা করতে পারব। অবশ্যই তারা সেরা খেলোয়াড়।’
এই মৌসুমে সালাহ লিগে করেছেন ৩২ গোল। সবচেয়ে বেশি গোল করে জিতেছেন গোল্ডেন বুট। তার আগে খেলোয়াড়দের ও লেখকদের ভোটেও মৌসুম সেরা হন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। গোল ডটকম







