আগামী সেপ্টেম্বরে ঢাকায় হবে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাই পর্ব। পরের মাসে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বেও অংশ নেবেন বাংলাদেশের মেয়েরা।
বুধবার দুটো টুর্নামেন্টের গ্রুপিং হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। দুটোরই গ্রুপ দেখে সন্তুষ্ট নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
অনূর্ধ্ব-১৬ ফুটবলে ‘এফ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য চার দল ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লেবানন।
অন্যদিকে অনূর্ধ্ব-১৯ ফুটবলের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান। দুটো টুর্নামেন্টেরই মূল পর্ব হবে ২০১৯ সালে।
দুই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপ নিয়ে ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ ফুটবলে সেরা রানার্স-আপ হওয়া আমাদের লক্ষ্য। অনূর্ধ্ব-১৬ ফুটবলে আমরা এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলেছিলাম। এবারও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।’








