বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন তিনি। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেন না মীর মোহাম্মদ আলী ফারুক। শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই কোচ ফুটবলাঙ্গনে পরিচিত ছিলেন মীর ফারুক নামে। ৬৮ বছর বয়সী মীর ফারুক রেখে গেছেন স্ত্রী ও চার পুত্রকে।
প্রিমিয়ার লিগে একাধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল তার। আরামবাগ, ফেনী সকার ক্লাব, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ ছাড়াও বিকেএসপির কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার হাত ধরে ঢাকার লিগে অনেক ফুটবলারের আবির্ভাব, প্রতিষ্ঠা পাওয়া। এই বর্ষীয়ান কোচের মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, বাফুফে ও আরামবাগ ক্লাব শোক প্রকাশ করেছে।
আরামবাগ মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে মীর ফারুককে দাফন করা হবে।








