হওয়ার কথা ছিল রোমার খেলোয়াড়, হয়ে গেলেন বার্সেলোনার! ম্যালকমের পাল্টে যাওয়া ভবিষ্যতের শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রস্তুতি দিয়ে। সেখানেই এই ব্রাজিলিয়ান জানিয়েছেন, তিনি সবসময় চেয়েছেন বার্সেলোনায় যোগ দিতে।
ভাগ্যদেবতাও নিরাশ করেননি তাকে। একেবারে শেষ মুহূর্তে রোমার কাছ থেকে ছোঁ মেরে ব্রাজিলিয়ান উইঙ্গারকে ঘরে তুলেছে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবের সঙ্গে চুক্তির সমাঝোতায় পৌঁছেছিল ম্যালকমের আগের ক্লাব বোর্দো। ৪০ মিলিয়ন ইউরোও ফিও হয়েছিল চূড়ান্ত। কিন্তু ৩৪ ঘণ্টার মধ্যে তাকে ইতালি বাদ দিয়ে কাতালোনিয়ায় নিয়ে আসে বার্সেলোনা।
ম্যালকম আসছেন রোমায়, ইতালিয়ান রাজধানীর ক্লাবটির ভক্তরা নতুন তারকাকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন বিমানবন্দরে। ব্রাজিলিয়ান উইঙ্গারের ফ্লাইটও ঠিক করা ছিল। কিন্তু রোমগামী বিমানে আর চড়লেন না, ৪১ মিলিয়ন ইউরোতে কাতালান ক্লাব তাকে উড়িয়ে আনে বার্সেলোনায়।
রোমার কাছ থেকে ‘ছিনতাই’ করে আনা ম্যালকমকে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ওই অনুষ্ঠানে ম্যালকম বলেছেন, ‘আমি সবসময় বার্সেলোনায় যেতে চেয়েছি। আমি শান্ত ছিলাম। দলবদলের পুরো প্রক্রিয়াই দেখেছে আমার এজেন্ট।’
স্বপ্নপূরণের আনন্দে উড়ছেন ২১ বছর বয়সী তরুণ, ‘বার্সেলোনায় আসাটা খুব কঠিন। তবে আমি আমার সর্বোচ্চটা দিতে যাচ্ছি এখানে। হৃদয়ের গভীর থেকে আমি ভীষণ খুশি। স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে, যেটা আমি শৈশব থেকে দেখে এসেছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘বার্সেলোনায় খেলার সুযোগ পেয়েছি, যেখানে আমি খেলব বিশ্বের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে। এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’
ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, টটেনহ্যাম এবং প্যারিস সেন্ত জার্মেইও আগ্রহী ছিল গত মৌসুমে লিগ ওয়ানে ১২ গোল করা ম্যালকমকে পাওয়ার জন্য। গোল ডটকম








