এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে জাতীয় ফুটবল দল এখন দক্ষিণ কোরিয়া সফরে। প্রথম ম্যাচে গুয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরে গেলেও শুক্রবার দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেহান বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে শুরু থেকেই ছিল বাংলাদেশের আধিপত্য। তাই গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দশম মিনিটে সাদউদ্দিনের গোলে এগিয়ে যাওয়ার পরও বল দখলের লড়াইয়ে এগিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিরতির আগে ব্যবধান বাড়াতে পারেনি।
উল্টো ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা নিয়ে আসে সেহান বিশ্ববিদ্যালয়। তবে তাতে দমে যায়নি বাংলাদেশ। একের পর এক আক্রমণের সুফল এসেছে ৮৫ মিনিটে, তরুণ ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের গোলে।
আগের ম্যাচে হতাশাজনক হারের পর এই ম্যাচ জিতে খুশি জেমি ডে। খেলা শেষে শিষ্যদের প্রশংসা করে বাংলাদেশের ইংলিশ কোচ বলেছেন, ‘বাংলাদেশ দল এই ম্যাচে তুলনামূলক অনেক ভালো খেলেছে। ছেলেরা আগের চেয়ে অনেক উন্নতি করেছে।’
ম্যানেজার সত্যজিত দাশ রুপু অবশ্য এতটা উচ্ছ্বসিত নন। বরং বড় ব্যবধানে জিততে না পারার হতাশা তার কণ্ঠে, ‘সেহান বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আমরা ভালো খেলেছি ঠিকই, তবে এই ম্যাচে অনেক সুযোগও নষ্ট করেছি। পুরো ম্যাচেই আমরা প্রাধান্য বিস্তার করে খেলেছি। বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জিততে পারতাম আমরা।’








