বাংলাদেশের কিশোরী ফুটবলারদের মধ্যে আঁখি খাতুনকে আলাদাভাবে চোখে পড়বেই। দীর্ঘদেহী আঁখি ডিফেন্সে খেললেও ওভারল্যাপ করে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত আঁখির ভুটানেও একই লক্ষ্য।
আগামী ৯ থেকে ১৮ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে হবে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের দ্বিতীয় আসর। এবারও সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি দলকে শিরোপা এনে দেওয়ার লক্ষ্য আঁখির। গতবার দুই গোল করা বাংলাদেশের সহ-অধিনায়কের কথা, ‘ভুটানে ভালো খেলে আবার ট্রফি জিততে চাই। গতবার সেরা খেলোয়াড় হয়েছিলাম। এবারও তেমনই লক্ষ্য।’
সিরাজগঞ্জ থেকে উঠে আসা আঁখি আরও বলেছেন, ‘আমি যেহেতু ডিফেন্সে খেলি, তাই প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করাই আমার প্রধান কাজ। পাশাপাশি আক্রমণেও দলকে সাহায্য করতে চাই। গতবার দুই গোল করেছিলাম, এবার তার চেয়ে বেশি গোল করতে চাই। অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। আমার হেডিংয়ে বেশ সমস্যা ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।’








