প্রিমিয়ার লিগের এখনকার চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শুরু হতে যাওয়া নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখতে চায় তারা। কমিউনিটি শিল্ড জয় করা সিটিজেনদের টানা দ্বিতীয় লিগ শিরোপা জেতার ব্যাপার আত্মবিশ্বাসী দলটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।
সের্হিয়ো আগুয়েরোর জোড়া লক্ষ্যভেদে চেলসিকে ২-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে ম্যানসিটি। ওয়েম্বলি স্টেডিয়ামের সাফল্য দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে তারা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেছে তাদের। এতটাই যে, ২০১৮-১৯ প্রিমিয়ার লিগ মৌসুমে নিজেদের ফেভারিট মানছেন ম্যানসিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
পেপ গার্দিওলার ম্যানসিটি গত মৌসুমে রেকর্ড গড়ে জেতে ইংলিশ লিগের শিরোপা। নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করেছিল মৌসুম। এর চেয়েও ভালো একটি মৌসুম কাটানোর আশা দিনকয়েক আগেই সিটিজেনদের সঙ্গে চুক্তি বাড়ানো জেসুসের। ম্যানসিটিকে ফেভারিট মানছেন তিনি, ‘(ম্যানচেস্টার সিটিকে) ফেভারিট বিবেচনা করতে হবে, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন।’
যদিও কঠিন প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা, ‘তবে মাঠে নামতেই আমরা এটা (শিরোপা) পেয়ে যাব না, আমাদের মৌসুমের দিকে নজর দিতে হবে। অন্য দলগুলোও অনেক শক্তিশালী, তাই প্রত্যেক দলের জন্য অপেক্ষা করছে কঠিন সময়।’
ম্যানসিটির দিকেই দলগুলোর বেশি নজর থাকবে বলেও জানিয়েছেন তিনি, ‘আমাদের বিপক্ষে যারাই খেলতে আসবে, স্বাভাবিকভাবে তাদের চিন্তায় থাকবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ, তাই তারা যেকোনোভাবে জিততে চাইবে।’ অবশ্য জেসুস গত মৌসুমের চেয়েও ভালো সময় প্রত্যাশা করছেন সামনে, ‘গত মৌসুমে যা করেছি, আমাদের সেটাই করতে হবে। ভালো কিছু যা করেছি, সেটার সঙ্গে মনে রাখতে হবে খারাপ বিষয়গুলোও। সেখানে থেকে শিক্ষা নিয়ে আমাদের আগের মৌসুমের চেয়ে ভালো মৌসুম নিশ্চিত করতে হবে।’
নতুন মৌসুমের শুরুটাই হচ্ছে ম্যানসিটির কঠিন পরীক্ষা দিয়ে। রবিবার প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। গোল ডটকম








