চেলসিতে সই করা কেপা আরিজাবালাগার জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। অ্যাথলেটিক বিলবাও তাদের তারকা গোলরক্ষককে ছেড়ে দেওয়ার জন্য রিলিজ ক্লজের ৮ কোটি ইউরো পেয়েছে চেলসির কাছ থেকে। এতে করে তিন সপ্তাহ আগে আলিসনকে কিনে লিভারপুলের গড়া রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হচ্ছেন কেপা।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার চেলসি কেপাকে জানায় তারা রিলিজ ক্লজ পরিশোধে প্রস্তুত। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা তার ওপর ছেড়ে দেয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। ওই দিনই বিলবাও থেকে তার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে মাদ্রিদে যান কেপা। তারপর বুধবার লা লিগার অফিসে আনুষ্ঠানিকভাবে রিলিজ ক্লজের পুরোটা জমা দেন তিনি। এতে করে চেলসিতে যাওয়ার পথ খুলে যায় স্প্যানিশ গোলরক্ষকের।
অ্যাথলেটিক তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দেয়, ‘৮ আগস্ট ২০১৮, দুপুরে স্প্যানিশ ফুটবল লিগ (এলএফপি) আমাদের ক্লাবকে নিশ্চিত করেছে, অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে চুক্তির ইতি টানতে সব ধরনের শর্ত পূরণ করেছেন কেপা আরিজাবালাগা। ক্লাবে তার অবদানের জন্য অ্যাথলেটিক কৃতজ্ঞ।’
বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া সাড়ে তিন কোটি ইউরোতে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন। আর তার শূন্যস্থান পূরণে খুব তাড়াতাড়ি লন্ডনে যাচ্ছেন কেপা। ২৩ বছরের এই গোলরক্ষক মেডিক্যাল টেস্ট দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন।
চেলসিতে নতুন সতীর্থদের সঙ্গে বৃহস্পতিবার থেকে কেপাকে অনুশীলন করতে দেখা যাবে জানা গেছে। দুই দিন পর হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ক্লাবের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে অভিষেকও হয়ে যেতে পারে তার।
চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হলে কেপা হবেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। গত জুলাইয়ের শেষ দিকে সাড়ে ৭ কোটি ইউরোতে লিভারপুলে চুক্তি করে যে রেকর্ড গড়েছিলেন আলিসন, সেটা ভাঙতে এক মাসও লাগছে না।ইএসপিএনএফসি, বিবিসি








