প্রথমার্ধে গোল করলেও বিরতির পর এগিয়ে থাকতে পারেনি বায়ার্ন মিউনিখ। প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয় পেনাল্টি শটে গোল পেলেন রবার্ট লেভানদস্কি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি একটি গোলও বাতিল করলো বায়ার্নের। এমন ঘটনাবহুল ম্যাচে শেষ পর্যন্ত বুন্দেসলিগা জিতে শুরু করলো চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে হফেনহেইমের বিপক্ষে ৩-১ গোলের জয়ে নতুন লিগ মৌসুমে শুভ সূচনা হলো বায়ার্নের।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে থোমাস ম্যুলারের শক্তিশালী হেডে এগিয়ে যায় বায়ার্ন। কর্নার থেকে পাওয়া বল তিনি লক্ষ্যভেদ করেন ২৩ মিনিটে। কিন্তু বিরতির আগে ধাক্কা খায় তারা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিকো শুলজের চ্যালেঞ্জে ফরোয়ার্ড কিংসলে কোমান খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়ে যান। তার জায়গা নেন আরিয়েন রবেন।
দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ যেতেই সমতা ফেরায় হফেনহেইম। ৫৭তম মিনিটে ডিবক্সের মধ্যে ডিফেন্ডার জেরোমে বোয়েটাংকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে গোল করেন সালাই।
কিন্তু বিতর্কিত এক পেনাল্টি থেকে বায়ার্ন এগিয়ে যায়। ডিবক্সের খানিকটা পাশ থেকে হাভার্ড নরভেইটের চ্যালেঞ্জে পড়ে যান ফ্রাঙ্ক রিবেরি। লেভানদস্কি নেন স্পট কিক। কিন্তু তার শট রুখে দেন গোলরক্ষক অলিভার বোমান, যদিও ফিরতি শটে জালে বল জড়ান রবেন। রেফারির সন্দেহ হয়, তাতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে আলোচনা করে গোল বাতিল করেন। রিপ্লেতে দেখা গেছে বেশ আগেই বক্সে ঢুকে গেছেন রবেন। বায়ার্ন আবার পেনাল্টি পায়, এবার লেভানদস্কি লক্ষ্যভেদ করেন।
স্বাগতিকরা ভেবেছিল আরেকটি গোল তারা পেয়ে গেছে। লিওন গোরেৎকার শট ম্যুলারের পিঠে লেগে জালে ঢোকে, কিন্তু আরেকটি ভিএআর ব্যবহারে দেখা যায় বল বায়ার্ন ফরোয়ার্ডের হাতে লেগেছে।
শেষ অর্ধের যোগ করা সময়ে রবেন তৃতীয় গোলের দেখা পান। ম্যুলারের ফ্লিক থেকে ডাচ তারকা করেন ৩-১। ইএসপিএনএফসি








