ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে টানা দ্বিতীয় হারের পর তীব্র সমালোচনার শিকার ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ হোসে মরিনহোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর পর্তুগিজ কোচ তো স্বীকার করলেন, রক্ষণের সেরা চারজনকে এখনও খুঁজে পাননি তিনি।
রক্ষণ নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ যে গোলকধাঁধার মধ্যে আছেন, সেটা দেখা গেছে তার দল নির্বাচনেই। লেফট ব্যাক লুক শো কেবল খেলেছেন তিন ম্যাচের সবগুলো।
শো বাদে রক্ষণে অন্য কেউ নিয়মিত ছিলেন না। স্পারদের বিপক্ষে মিডফিল্ডার অ্যান্ডার হেরেরাকে রক্ষণে রেখেছিলেন মরিনহো। ফিল জোন্সের বদলি হয়ে মাঠে নামেন ভিক্টর লিন্ডলফ। ছোট ব্যাকপাসে তো টটেনহ্যামকে প্রায় গোল উপহার দিতে বসেছিলেন তিনি।
রক্ষণ নিয়ে কোনও সংশয়ে আছেন কিনা এমন প্রশ্ন ম্যাচ শেষে শুনতে হলো মরিনহোকে। ম্যানইউর কোচের জবাবও ছিল সংশয়ী, ‘কেন নয়? প্রথম খেলায় ছিল ভিক্টর লিন্ডলফ ও এরিক বেইলি। আজ খেলল ফিল জোন্স ও ক্রিস স্মলিং। কিন্তু জোন্স এখন ইনজুরিতে। পরের ম্যাচে স্মলিং অন্য কাউকে পাবে সঙ্গে। মার্কোস রোহো যখন আসবে তখন আলাদা একটা উপায় বের হবে। না, আমি জানি না আমার রক্ষণের সেরা চার কে।’
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের পর টটেনহ্যামের কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে রবিবার বার্নলিকে মোকাবিলা করবে ইউনাইটেড। সেখানেও হয়তো রক্ষণকে দিতে হবে অগ্নিপরীক্ষা! গোল ডটকম








