৬ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইন্টার মিলান। প্লেঅফ জিতে জায়গা করে নিয়েছে পিএসভি আইন্দহোভেন। আর গতবার টটেনহ্যাম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলেছে শেষ ষোলোতে। গ্রুপের বাধা টপকাতে এই তিন দলকে মোকাবিলা করতে হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। কোচ এর্নেস্তো ভালভারদের মতে, শক্তিশালী গ্রুপে লড়তে হবে ২০১৫ সালের শিরোপা জয়ীদের।
মোনাকোতে গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ চূড়ান্ত হয়েছে। ‘বি’ গ্রুপের চার দল বার্সা, টটেনহ্যাম, আইন্দহোভেন ও ইন্টার। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় তিন বছরের শিরোপা খরা কাটাতে এবার শুরুতেই ভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মনে করছেন বার্সা কোচ।
গ্রুপের ড্র শেষে ভালভারদের কণ্ঠে মিশ্র প্রতিক্রিয়া, ‘এটা শক্তিশালী একটা গ্রুপ। তারা প্রতিযোগিতায় এই পর্যায়ে সবসময় থাকে। এটা সুন্দর গ্রুপও। আলাদা ধরনের খেলা প্রত্যেক দলের এবং চার দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
বার্সা কোচ আলাদা করে গ্রুপ প্রতিপক্ষ নিয়ে বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে ফিরে এসেছে ইন্টার। তারা ভালো করতে মরিয়া থাকবে। পিএসভির দায়িত্বে আছেন ফন বমেল (সাবেক বার্সা মিডফিল্ডার মার্ক), তাকে আমরা খুব ভালো করে চিনি।’
গত মৌসুমে গ্রুপে রিয়ালকে হারানোর অভিজ্ঞতা আছে টটেনহ্যামের। এবার তাদের নিয়ে সতর্ক ভালভারদে, ‘মাউরিসিও পচেত্তিনোর টটেনহ্যামে খুব ভালো খেলোয়াড়রা আছে। এই এমন গ্রুপ যার প্রত্যেকে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে।’ ইএসপিএনএফসি








