নিমের ভক্তরা নেইমারের ‘কান্না’ নিয়ে রসিকতা করতে পারেন, তবে শনিবারের ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকার ভালোবাসার নিদর্শনে তাদের মনেই হয়তো ছড়িয়েছে মুগ্ধতা। খেলা শেষে খুদে এক ভক্তকে জড়িয়ে ধরা ও উপহার হিসেবে জার্সি দেওয়ার দৃশ্যে নেইমার এখন অন্য আলোচনায়।
ফরাসি লিগ ওয়ানে নিমের বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেই জিতেছে ৪-২ গোলে, যেখানে একবার লক্ষ্যভেদ করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ওই ম্যাচ শেষ এক খুদে ভক্তকে জার্সি উপহার দেওয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গ্যালারি থেকে বেরিয়ে আসা ছোট্ট এক ভক্তকে জড়িয়ে ধরে নিজের জার্সি উপহার দিয়েছেন নেইমার।
শেষ বাঁশি বাজার পর নেইমার হেঁটে টানেলের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই মাঠের পাশে থাকা বিজ্ঞাপনী বোর্ড টপকে ঢুকে পড়ে এক শিশু। স্বপ্নের তারকাকে সামনে পেয়ে জড়িয়ে ধরে সে। নেইমারও মাথা নিচু করে খুদে ভক্তকে ধরেন জড়িয়ে। ব্রাজিলিয়ান তারকার প্রতি তার এতটাই ভালোবাসা যে ছাড়তেই চাইছিল না!
খানিক পর নেইমার নিজের জার্সি খুলে এগিয়ে দেন তার দিকে। ওই সময় খুদে ভক্তটি ফুঁপিয়ে কাঁদছিল, নেইমারের জার্সি পেয়ে আনন্দের কান্না যেন আরও বাড়তে থাকে তার। জার্সি হাতে পেয়ে আবারও জড়িয়ে ধরে সে নেইমারকে। ছোট্ট এই ভক্তের প্রতি নেইমারের ভালোবাসার শেষ এখানেই নয়। সঙ্গে করে এগিয়ে নিয়ে বিজ্ঞাপনী বোর্ড পার করে দেন তিনি কোলে তুলে।
কাইলিয়ান এমবাপের ফ্রান্সের জার্সি গায়ে থাকা শিশুটির নাম জানা গেছে পরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার নাম জাকারিয়া। প্রিয় তারকার কাছ থেকে পাওয়া ভালোবাসার অনুভূতি ভাগাভাগি করেছে সে ইনস্টাগ্রামে। নেইমারের দেওয়া জার্সি হাতে ধরে জাকারিয়া লিখেছে, ‘নেইমার, তোমাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমার জার্সির জন্য। এটা সারা জীবন মনে থাকবে আমার।’ ইএসপিএনএফসি








