সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখতে পারল না বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ৩৩ মিনিটে গোল খেয়েছে তারা নেপালের কাছে। প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
আক্রমণে শুরু থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। তাদের রক্ষণভাগও ছিল অপ্রতিরোধ্য। ৭ মিনিটে রোহিতের পাস থেকে সুজল বাংলাদেশের বক্সে ক্রস দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলাদেশি ডিফেন্ডার বুক চিতিয়ে রুখে দেন।
১৩তম মিনিটে মামুনুলের বাঁ পায়ের কর্নার কিক কাছের পোস্টে রুখে দেন নেপালি ডিফেন্ডার আদিত্য। দ্বিতীয় কর্নার ঠেকান গোলরক্ষক কিরণ চেমজং। ১৪ মিনিটে বাংলাদেশের বক্সে সুনীলের হেড জোরালো হতে দেননি জামাল ভূঁইয়া।
৫ মিনিট পর তপু বর্মণ নেপালের বক্সের মধ্যে হেড করেছিলেন, কিন্তু সেটা লক্ষ্যের দিকে না ছোটায় সহজেই বিপদমুক্ত করেন নেপালি ডিফেন্ডাররা।
২৩ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা ক্রস নেপালের বক্সে ঢোকে, কিন্তু সাদ উদ্দিন বলে পা ছোঁয়ানোর আগেই গোলরক্ষক কিরন ঠেকিয়ে দেন। ২৪ মিনিটে নেপাল ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। মামুনুলের শট ভারতের হাতে লাগলে দ্বিতীয় ফ্রি কিক থেকে মিনিটে ওয়ালি ফয়সালের শট ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়।
আধ ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পরই অবাক করা গোলে এগিয়ে যায় নেপাল। বিমল ঘারতি মাগারের ফ্রি কিক বাংলাদেশের জালে ঢোকে গোলরক্ষক শহীদুল আলমের বোকামিতে। লম্বা কিকটি উঁচু দিয়ে এসেছিল, বাংলাদেশি গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন। কিন্তু তার হাত ফসকে জালে জড়ায় বল।
বাংলাদেশ একাদশ:
শহীদুল আলম, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, মামুনুল ইসলাম, মাশুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল।








