২০ বছর পর ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পর ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন দিদিয়ের দেশম। তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ হয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখান তিনি।
বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে তিনি লড়েছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ী জিনেদিন জিদান ও বিশ্বকাপ ফাইনালে ওঠা ক্রোয়েশিয়ার কোচ জ্লাৎকো দালিচকে।
বিশ্বকাপ শুরুর আগেই চাকরি হারানোর শঙ্কায় পড়েছিলেন দেশম। চাপ নিয়েই রাশিয়ায় মিশন শুরু করেন তিনি তরুণ একটি দলকে নিয়ে। গ্রুপে দলের পারফরম্যান্স সমালোচিত হলেও নকআউটে আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স। আর ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল।
অ্যাওয়ার্ড হাতে নিয়ে উচ্ছ্বসিত দেশম বলেছেন, ‘আমি এই পুরস্কার জয়ের আনন্দ আমার স্ত্রী ও সন্তানের সঙ্গে ভাগাভাগি করতে চাই। তারা সবসময় আমার পাশে ছিল।’ এনিয়ে দ্বিতীয়বার কোচিংয়ে ব্যক্তিগত অ্যাওয়ার্ড জিতলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ২০০৪ সালে মোনাকোর হয়ে লিগ ওয়ানের বর্ষসেরা কোচ হন তিনি।
মেয়েদের বর্ষসেরা কোচ হয়েছেন লিওঁর রেনান্দ পেদ্র্রোস। জাপানের আসাকো তাকাতুরা ও নেদারল্যান্ডসের সারিনা উইয়েগমানকে হারিয়েছেন এই ফরাসি কোচ।








