ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচ অজেয় থাকল ম্যানচেস্টার সিটি। আগের হোম ম্যাচে লিওঁর কাছে চ্যাম্পিয়নস লিগে হারলেও এবার ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতল তারা।
রহিম স্টারলিং ও সের্হিয়ো আগুয়েরোর নৈপুণ্যে শনিবারের এই জয়ে ১৯ পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে গেল ম্যানসিটি। যদিও চেলসি-লিভারপুলের ম্যাচের ফল এক নম্বর আসন থেকে তাদের নামিয়ে দিতে পারে। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট লিভারপুলের, আর চেলসির ১৬।
আধঘণ্টা হওয়ার কয়েক মুহূর্ত আগে অ্যালবিওনের গোলমুখ খোলে সিটিজেনরা। চ্যাম্পিয়নদের এগিয়ে দেন স্টারলিং। আগুয়েরোর আক্রমণ থেকে বল পান লেরয় সানে, জার্মান তারকা তারপর ক্রস দেন ইংলিশ ফরোয়ার্ডকে। কাউন্টার অ্যাটাক থেকে ২৯ মিনিটে চমৎকার গোল করেন স্টারলিং।
দ্বিতীয় গোলেও অবদান রাখেন স্টারলিং। ৬৫ মিনিটে আগুয়েরো অ্যালবিওনের তিন ডিফেন্ডারকে সামনে থেকে ফাঁকি দিয়ে বক্সের মধ্যে বল পাঠান। ইংলিশ ফরোয়ার্ড ফিরতি পাস দেন তাকে। আর কেউ ঠেকাতে পারেনি আগুয়েরোকে। আর্জেন্টিনার তারকা ব্যবধান দ্বিগুণ করেন নিখুঁত ফিনিশিংয়ে।
দুই ম্যাচ হেরে লিগ শুরু করা আর্সেনাল এদিন টানা পঞ্চম জয় তুলে নিয়েছে। ঘরের মাঠে ওয়াটফোর্ডের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে গানাররা। ৮১ মিনিটে ক্রেইগ ক্যাথকার্টের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর মেসুত ওজিল ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আর্সেনাল।
হাডার্সফিল্ড টাউনকে একই স্কোরে হারিয়ে টটেনহ্যাম হটস্পার সমান ১৫ পয়েন্টে চার নম্বরে। ইএসপিএনএফসি








