এবারের পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ সালাহ। তার হাতে এই পুরস্কার দেখে প্রশ্ন তুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে চমকে দিয়েছে বর্ষসেরা গোলের পুরস্কার। চ্যাম্পিয়নস লিগে গ্যারেথ বেল ও রোনালদোর বাইসাইকেল কিককে টপকে এভারটনের বিপক্ষে সালাহর বাঁকানো শটে করা গোল পায় পুসকাস অ্যাওয়ার্ড। লিভারপুল তারকার হাতে এ পুরস্কার দেখে অনেকেই অবাক হয়েছেন। এবার প্রশ্ন তুললেন উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার পাওয়া রোনালদোও।
সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের বিপক্ষে করা গত মৌসুমের গোলকে ‘সবচেয়ে সুন্দর’ দাবি করলেন রোনালদো। উয়েফার পুরস্কার জেতা এই গোল ছিল ফিফার সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু হাতে উঠল না অ্যাওয়ার্ড।
লন্ডনে পুরস্কার দেওয়ার রাতে সেখানে ছিলেন না রোনালদো। যদিও ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতে ছিলেন তিনি, যেই পুরস্কার জিতেছেন লুকা মদরিচ।
তবে ফিফা দ্য বেস্ট নয়, পুসকাস অ্যাওয়ার্ড নিয়ে যত আপত্তি রোনালদোর। ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, ‘সালাহ পুসকাস অ্যাওয়ার্ড জয়ের দাবি রাখে। সে সুন্দর একটা গোল করেছিল। কিন্তু একটু সৎ থেকে বলুন, মিথ্যা না বলি- আমার গোল ছিল সবচেয়ে সুন্দর। আমি হতাশ নই। জীবন এমনই, কখনও আমরা জিতি ও অন্যরা হারে।’ গোল ডটকম








