চ্যাম্পিয়নস লিগে বড় দুটি জয় পেয়েছে বার্সেলোনা। কিন্তু লা লিগায় চেনারূপে দেখা যাচ্ছে না তাদের। টানা তিন ম্যাচ জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা, একটি হার ও দুটি ড্র। এই খরা কাটানোর লক্ষ্যে রবিবার রাত পৌনে ১টায় মেস্তায়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করার পাশাপাশি অন্য দুটিতেও অবদান ছিল লিওনেল মেসির। লা লিগায় সবশেষ অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে বিশ্রামে থাকার পর অধিনায়ককে ভ্যালেন্সিয়া সফরে একাদশে পাচ্ছে বার্সা। ইনজুরি সত্ত্বেও জয়খরা কাটানোর মিশনে খেলবেন লুই সুয়ারেস।
আগের তিন ম্যাচে বার্সার সঙ্গে তাল মিলিয়ে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। তাতে পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষস্থান হারায়নি কাতালান জায়ান্টরা। রিয়াল অষ্টম ম্যাচে দেপোর্তিভো আলাভেসের মাঠে হেরে যাওয়ার পরদিন জিতে শীর্ষস্থানটা এককভাবে দখলে নেওয়ার সুযোগ এর্নেস্তো ভালভারদের দলের। এক ম্যাচ বেশি খেলে সমান ১৪ পয়েন্ট নিয়ে বার্সার পর রিয়াল ও আলাভেস।
এদিন আগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ স্বাগত জানাবে রিয়াল বেতিসকে। জিতলেই ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে মাদ্রিদের ক্লাব। কয়েক ঘণ্টা পর ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচে জয়খরা কাটাতে না পারলে হুমকির মুখে পড়ে যাবে তাদের শীর্ষে ওঠা। তাই হারিয়ে যেতে বসা জয়ের স্বাদ পেতেই হবে মেসিদের। ইএসপিএনএফসি








