আগের দিন উৎসবমুখর পরিবেশে দলবদলে অংশ নিয়েছে নবাগত বসুন্ধরা কিংস। রবিবার সাইফ স্পোর্টিং ক্লাবের দলবদলও হলো জমকালো। একই দিনে দল গুছিয়ে নিয়েছে শেখ রাসেল লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
মোটরবাইক র্যালি করে বাফুফে ভবনে আসা সাইফ স্পোর্টিংয়ে এবার জাতীয় দলের চারজন খেলোয়াড়। জাতীয় দলের অধিনায়ক এবং দেশসেরা মিডফিল্ডার জামাল ভূঁইয়ার কাঁধে উঠেছে নেতৃত্বভার। জামাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তারুণ্য নির্ভর দল গড়েছি। এ মৌসুমে সব ট্রফি জিততে চাই আমরা। অন্যরাও অবশ্য ভালো দল গড়েছে। মনে হয়, এবারের লিগ আগের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
শিরোপায় চোখ রেখে শেখ রাসেলও নিয়েছে জাতীয় দলের চার ফুটবলার। দলটির কোচ সাইফুল বারী টিটুর কথা, ‘আমরা সব ট্রফি জিততে চাই। আমাদের প্রথম লক্ষ্য ফেডারেশন কাপ জয়, এরপর লিগ নিয়ে ভাববো। তবে অন্য দলগুলো শক্তিশালী, বিশেষ করে আবাহনী ও বসুন্ধরা কিংস। আমরা তারুণ্য ও অভিজ্ঞতা মিলে দল গড়েছি। আশা করি, গতবারের চেয়ে এবারের পারফরম্যান্স ভালো হবে।’
মুক্তিযোদ্ধা মাঝারি মানের দল গড়েছে। কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর প্রত্যাশা, লিগে ভালোই লড়াই করবে তার দল।








