পর্দা উঠছে বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসরের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো টার্ফে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলছে ১০ দিন।
টুর্নামেন্টের আয়োজক লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস প্রত্যেক বছর করপোরেট হাউসগুলোর অপেশাদার ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্টটি পরিচালনা করে আসছে। এবারের টুর্নামেন্টে তারা নতুন ফরম্যাট যোগ করতে যাচ্ছে।
বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের পঞ্চম আসরে সব মিলিয়ে ২০টি দল অংশ নেবে। এদের মধ্যে ১২টি দল অংশগ্রহণ করছে করপোরেট মাস্টার্স ক্যাটাগরিতে। দলগুলো হলো- বসুন্ধরা কিংস, কমফিট কম্পোসিট নিট লিমিটেড, বান্ডো ডিজাইন লিমিটেড, থেরাপ বিডি, এমটিবি, আইডিএলসি, এইচএসবিসি, সিটি ব্যাংক, এক্সডিজিটাল এজেন্সি, এক্সিকিউটিভ এলাভেন, পাঠাও ও স্টেপ ফুটওয়্যার।
এছাড়া টুর্নামেন্টে নতুন ফরম্যাটে (করপোরেট ওপেন) খেলবে বাকি আটটি দল। এই ফরম্যাটে দলগুলো তাদের কোম্পানির বাইরের খেলোয়াড় খেলাতে পারবে। তবে অবশ্যই অপেশাদার ফুটবলার হতে হবে। দলগুলো হচ্ছে- নিওজিপার, ইন্টারপোর্ট গ্রুপ, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন, উইনটেক্স ফ্যাশন লিমিটেড, অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড, লায়লা গ্রুপ, বঙ্গ বিডি ও টর্ক ফ্যাশন লিমিটেড।
এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হতে পেরে আনন্দিত। বসুন্ধরা সবসময় চেষ্টা করছে ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দিতে। প্রফেশনাল ফুটবলের বাইরে যে অপেশাদার খেলোয়াড়দের কমিউনিটি আছে তাদেরকে সাপোর্ট করাও আমাদের দায়িত্ব। আমি এই টুর্নামেন্টের অংশগ্রহণ সব দলগুলোকে শুভেচ্ছা জানাচ্ছি।’
বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক, ফিউশন স্পোর্টস, লায়লা গ্রুপ এবং পেট্রোম্যাক্স এলপিজি। টুর্নামেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে প্লান্টিক।








