একটি দল ভালো খেলে যাচ্ছে, আরেক দলের বাজে অবস্থা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে নিশ্চয় ফর্মে থাকা দল আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে। কিন্তু লড়াইটা যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের, তখন সাম্প্রতিক ফর্মের গুরুত্ব খুব একটা নেই মনে করেন লুই সুয়ারেস।
রবিবার রাত সোয়া ৯টায় ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে এই মৌসুমে প্রথমবার মুখোমুখি হবে বার্সা-রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৬ ম্যাচে মাত্র একটি জয়ে চাপ নিয়ে বার্সার মাঠে খেলবে রিয়াল। তাছাড়া লিগ পয়েন্ট টেবিলেও ৭ নম্বরে তারা। অন্যদিকে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে কাতালান জায়ান্টরা।
৯ লিগ ম্যাচে চারটি গোল করা ও সতীর্থদের আরও চার গোলে অবদান রাখা সুয়ারেসের মতে ক্লাসিকোর লড়াইয়ে দলের ফর্ম গুরুত্বপূর্ণ নয়। বার্সার উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘আপনি হয়তো দলের সাম্প্রতিক ফল বিবেচনায় নেবেন, কিন্তু ক্লাসিকো হচ্ছে ক্লাসিকো।’
এল ক্লাসিকোর আবহ একেবারে অন্য রকম সুয়ারেসের কাছে, ‘আমি মনে করি না অন্যের মানসিক অবস্থা অথবা এক দল ভালো খেলছে না এবং অন্যরা ভালো করছে এনিয়ে চিন্তা করবে। এটা এল ক্লাসিকো।’
দুই দলের প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা সম্পর্কে বার্সা স্ট্রাইকার বলেছেন, ‘অন্য ম্যাচের মতো নির্ভার থাকতে পারবেন না এই লড়াইয়ে। উত্তেজনা থাকবে ভিন্ন রকম, উন্মাদনাও। কিন্তু আপনাকে সেটাই চেষ্টা করতে হবে যেটা দলকে জেতাতে সবসময় করেন।’ গোল ডটকম








